রাজধানীর পল্লবীতে দীর্ঘদিন ধরে মশার ওষুধ না ছিটানোর অভিযোগে এবং মশার অত্যাচারে অতিষ্ঠ হয়ে স্থানীয় কাউন্সিলর সাজ্জাদ হোসেনের (২ নম্বর ওয়ার্ড) বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ইউসুফ আহমেদ নামে এক বাসিন্দা। তিনি অভিযোগ করেন, বর্তমান কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর তার বাসার আশপাশে একবারের জন্যও ওষুধ ছিটানো হয়নি। এ বিষয়ে কাউন্সিলরকে ফোন করে জানানো হলেও তিনি কোনও ব্যবস্থা নেননি বলেও জিডিতে উল্লেখ করা হয়।
মিরপুর ১২ নম্বর পল্লবী সেকশনের বি ব্লকের বাসিন্দা ইউসুফ আহমেদ মঙ্গলবার (৩০ জুলাই) থানায় সাধারণ ডায়েরি করেন। বিষয়টি তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন পল্লবী থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম।
সাধারণ ডায়েরির প্রসঙ্গে ইউসুফ আহমেদ বলেন, ‘ডেঙ্গু জ্বরের প্রকোপ বাড়ার পর থেকে আমি একাধিকবার কাউন্সিলরের অফিসে গিয়েছি। উনাদের লোকজনকে বলেছি, কিন্তু কাজ হয়নি। কাউন্সিলর এলাকাতেই থাকেন না। সবশেষ উনার নম্বরে ফোন করে মশার ওষুধ ছিটানোর জন্য বলেছি। কিন্তু তিনি জানান, এখন অন্য জায়গায় ওষুধ ছিটানো হচ্ছে।’
ইউসুফ আহমেদ বলেন, ‘ডেঙ্গু নিয়ে শুধু আমি বা আমার পরিবার আতঙ্কিত, তা নয়। সবাই আতঙ্কিত। এখনও যদি ওষুধ ছিটানো না হয় তবে আমরা যেকোনও সময় আক্রান্ত হতে পারি। আমাদের পুরো এলাকা এই সমস্যার মধ্যে রয়েছে। তিনি (কাউন্সিলর) নির্বাচিত হওয়ার পর একটিবারের জন্যও মশার ওষুধ দেননি। তাই জনস্বার্থে বিষয়টি থানায় নথিভুক্ত করেছি। এখন দেখি, কী ব্যবস্থা নেওয়া হয়।’
তবে ওষুধ না ছিটানোর অভিযোগ অস্বীকার করেছেন দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাজ্জাদ হোসেন। তিনি বলেন, ‘ওষুধ ছিটানো হয়নি, কথাটি সত্য নয়। আমাদের এলাকাটি অনেক বড়। পুরো এলাকায় একসঙ্গে মশার ওষুধ দেওয়া যায় না। ক্রমান্বয়ে দিতে হয়। তবে এখন মেশিন বেড়েছে। একেকদিন একেক এলাকায় ওষুধ ছিটানো হচ্ছে।’
বার্তাবাজার/আরএইচ