ঢাকার ধামরাইয়ে সড়ক দূর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বুধবার (৩১ জুলাই) সকাল ১১টায় ঢাকা-আরিচা মহাসড়কের সুতিপাড়া বাস স্ট্যান্ড এলাকায় একটি যাত্রীবাহী বাসের চাপায় ভ্যান চালক গুরুতর আহত হন এবং ঘটনাস্থলে দুই যাত্রী নিহত হন। পরে হাসপাতালে নেবার পথে ভ্যানচালক নিহত হন।
নিহতরা হলেন- নান্নার ইউনিয়নের ধাইরা গ্রামের আব্দুল ফকির (৫৫), মোঃ সামাদ বাবু (৫৮) এবং ভ্যান চালক আব্দুর জব্বার (৪০)।
প্রতক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার সকালে ধামরাইয়ের ধাইরা এলাকা থেকে শ্রীরামপুরে দুধ বিক্রির উদ্দেশ্যে যাওয়ার সময় ভ্যান গাড়িটি ঢাকা আরিচা মহাসড়কের সুতিপাড়া এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি দূর পাল্লার বাস ভ্যান গাড়িটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যান গাড়ির দুই যাত্রী নিহত হয় এবং ভ্যান চালক আহত হয়। পরে ভ্যান চালক আব্দুল জব্বারকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ ব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
বার্তাবাজার/কে.জে.পি