ডেঙ্গু রোগীদের চিকিৎসার দায়িত্ব নিলেন মাশরাফি

দরিদ্র, অসহায়সহ যেকোনো ডেঙ্গু আক্রান্ত রোগীর চিকিৎসায় কোনো ত্রুটি না হয়, সে লক্ষ্যে নিজের সংসদীয় এলাকায় ব্যবস্থা গ্রহণ করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও ওয়ানডে ক্রিকেট দলের অধিনয়াক মাশরাফি বিন মর্তুজা।

ঈদে ডেঙ্গু পরিস্থিতিতে করণীয় সম্পর্কে মঙ্গলবার (৩০ জুলাই) মাশরাফি নিজেই স্বাস্থ্য সচিবের সঙ্গে আলোচনা করেছেন। আলোচনায় সচিব এই মুহূর্তে সংসদ সদস্যদের এগিয়ে আসার আহ্বান জানান। মাশরাফি তাৎক্ষণিক তার আসনে ঈদে আগত সব ডেঙ্গু রোগীর চিকিৎসার দায়িত্বভার গ্রহণের কথা সচিবকে জানান।

নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মাশরাফির নির্বাচনকালীন প্রধান সমন্বয়কারী সৌমেন বসু বলেন, ‘মাশরাফির ঘোষণা অনুসারে ইতোমধ্যে নড়াইলে দুটি হাসপাতালে ডেঙ্গু রোগের চিকিৎসার ব্যাবস্থ গ্রহণ শুরু হয়েছে। রক্তের প্লাটিলেট কাউন্ট মেশিনসহ টেস্টের প্রয়োজনীয় উপকরণের ব্যবস্থা করা হয়েছে।’

প্রধানমন্ত্রীর নির্দেশনা ও অসহায় রোগীদের পাশে মাশরাফির এই তড়িৎ সিদ্ধান্তেরর কথা ছড়িয়ে পড়লে ক্রিড়ামোদী সাধারণ জনগণ তার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। মাশরাফির উদ্যোগের কথা জানিয়ে আওয়ামী লীগের সাংস্কৃতিক উপ কমিটির সদস্য জয়দেব নন্দী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিলে সেটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

এ বিষয়ে মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘সংসদ সদস্য হিসেবে জনগণের পাশে থাকাই আমার দায়িত্ব। আমি শুধু আমার দায়িত্ব পালনের চেষ্টা করছি।’

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর