বিতর্ক যেন পাকিস্তান ক্রিকেটের পিছু ছাড়ছে না। বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে মাঝেমধ্যেই আলোচনায় উঠে আসে দেশটির সাবেক ও বর্তমান ক্রিকেটারদের নাম। এবার বিতর্কিত কর্মকাণ্ডে নাম জড়িয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন ইনজামাম উল হকের ভাতিজা ইমাম-উল হক।
পাকিস্তানভিত্তিক গণমাধ্যম প্রো পাকিস্তানির প্রতিবেদনে বলা হয়েছে, একাধিক নারীর সঙ্গে আপত্তিকর চ্যাটিং করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ উঠে। নারীদের সঙ্গে হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে কথোপকথনের ওই স্ক্রিনশটগুলো ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
এসব অভিযোগ স্বীকার করে ক্ষমাও চেয়েছেন এই ব্যাটসম্যান। ইমাম পাকিস্তান ক্রিকেট বোর্ডকে জানিয়েছেন, ‘ভুল বোঝাবুঝির কারণেই ওই স্ক্রিনশর্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসে এবং ভাইরাল হয়ে যায়।’
পিসিবিউর ম্যানেজিং ডিরেক্টর ওয়াসিম খান বলেন, ‘ইমাম-উল হক এই ঘটনায় অনুতপ্ত এবং ভুল বোঝাবুঝির কারণে যে ঘটনা ঘটে গেছে, তার জন্য তিনি অনুতপ্ত। আমরা তাকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছি, পিসিবির নির্ধারিত সীমা এবং খেলোয়াড়দের কাছে পিসিবি কী চায়, সেটা।’
অপরিচিত নম্বর দিয়েও নারীদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ইনজামাম-উল হকের এই ভাতিজা।
জানা গেছে, গেল ছয় মাস ধরে সাত থেকে আটজন নারীর সঙ্গে চ্যাটিং করেছে বাঁহাতি এই পাকিস্তানি ওপেনার। এমনকি তাদের সঙ্গে ডেটিং করারও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
ক্যারিয়ারের শুরু থেকেই অভিযোগ ছিল, চাচার কারণে জাতীয় দলে সুযোগ পেয়েছেন ইমাম-উল হক। তবে পারফরম্যান্স দিয়ে এসব সমালোচনা অনেকটাই ভুলিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু নারীঘটিত কারণে এবার নতুন করে আলোচনায় উঠে এসেছেন ইনজামামের ভাতিজা।
বার্তা বাজার/কেএ