মসজিদ ভাঙার ইট পড়ে শিশুর মৃত্যু

নড়াইলের কালিয়া উপজেলায় পুরোনো একটি মসজিদ ভাঙার সময় ইটের দেয়াল ধসে পড়ে ১০ বছরের এক পথচরী শিশুর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড়কালিয়া এলাকার এ ঘটনা ঘটে।

মৃত ওই শিশুর নাম আকাশ মোল্যা। সে উপজেলার বড়কালিয়া এলাকার হোসাইন মোল্যার ছেলে। কালিয়া পৌরসভার কাউন্সিলর ফসিয়ার রহমান জানান, উপজেলার কালিয়া কেন্দ্রীয় জামে মসজিদটি সরকারিভাবে মডেল মসজিদ প্রকল্পের আওতায় নির্মাণের জন্য পুরোনো মসজিদটি ভাঙার কাজ চলছিল।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে মসজিদের রাস্তার পাশের দেয়ালের একটি অংশ ধসে পড়ে। এ সময় আকাশ মোল্যা চাপা পড়ে এবং গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সরকারিভাবে মডেল মসজিদ নির্মাণের জন্য পুরোনো মসজিদটি ভেঙে ফেলার কাজ চলছিল। কিন্তু মঙ্গলবার বৃষ্টির কারণে দেয়ালের একটি অংশ রাস্তার ওপর ধসে পড়ে। এ সময় ওই শিশুটি মাথা ও পাসহ শরীরের বিভিন্ন অংশ আঘাতপ্রাপ্ত হয়ে মারা যায়।

বার্তা বাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর