কুমিল্লার নাঙ্গলকোটে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের স্যাটারিং খুলতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার বিকালে নাঙ্গলকোট পৌরসভার চৌগুরী গ্রামে।
নিহতরা হলেন পৌরসভার চৌগুরী গ্রামের হাবিব উল্লাহর ছেলে আবুল কালাম (২৬) ও নাওগোদা গ্রামের আবুল কাশেমের ছেলে ইয়াছিন (১৮)।
জানা যায়, নাঙ্গলকোট পৌরসভার চৌগুরী গ্রামের শাহজাহান সওদাগরের নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের ছাদের স্যাটারিং খুলতে গিয়ে দুই নির্মাণ শ্রমিক আবুল কালাম ও ইয়াছিন সেপটিক ট্যাংকের ভিতরে ঢুকে। এসময় বিষাক্ত গ্যাসে অজ্ঞান হয়ে ট্যাংকির ভেতরে তারা ভাসতে থাকেন।
অপর নির্মাণ শ্রমিক তাদেরকে খুঁজতে গিয়ে সেপটিক ট্যাংকের ভিতরে ভাসতে দেখেন। পরে শ্রমিকরা তাদেরকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভবন নির্মাণ শ্রমিক ফরহাদ হোসেন বলেন, নিহত দুই নির্মাণ শ্রমিক স্যাটারিংয়ের খুলতে গিয়ে সেপটিক ট্যাংকের ভিতরে ঢুকে অজ্ঞান হয়ে পড়ে। সহকর্মী শ্রমিকরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুই নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জানা যায়, চৌগুরী গ্রামের শ্রমিক আবুল গত একমাস পূর্বে পৌর এলাকার শ্রীহাস্য গ্রামে বিয়ে করেন।
নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম পিপিএম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বার্তাবাজার/আরএইচ