নিজেদের ব্যর্থতা আড়াল করতে সরকার সবকিছুকেই ‘গুজব’ বলে চালিয়ে দিতে চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সরকারের উদ্দেশে তিনি বলেন, ডেঙ্গু-ধর্ষণ-লুটপাট-রাতে ভোট চুরি, কোনটা গুজব?
আজ মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ভবনের স্বাধীনতা মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নাগরিক অধিকার আন্দোলন ফোরামের উদ্যোগে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আমীর খসরু বলেন, কোনটা গুজব? ডেঙ্গু মহামারিতে পরিণত হয়েছে-এটা গুজব? প্রতিনিয়ত নারী ধর্ষণ ও শিশু নির্যাতন করা হচ্ছে-এটা গুজব?শেয়ারবাজার থেকে এক সপ্তাহে ২৭ হাজার কোটি টাকা লুট-এটা গুজব? ব্যাংকগুলোতে তারল্য সংকট, সেখান থেকে অর্থ লুটপাট করে খালি করে ফেলা হয়েছে-এটা গুজব? গুম, খুন, হত্যা, মিথ্যা মামলা-এসব গুজব? নির্বাচনের পূর্বে ভোট চুরি-এটা গুজব? সংবিধান লঙ্ঘন করে প্রধান নির্বাচন কমিশনার হজ পর্যবেক্ষণে সৌদি আরব গেছেন-এটা গুজব? তাদের কাছে গুজব বলে উড়িয়ে দেওয়া ছাড়া অন্য কোনো পথ নাই। ’
তিনি বলেন, ‘আজকে সব কিছুতেই তারা (সরকার) সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এ কারণেই নিজেদের ব্যর্থতা আড়াল করতে সবকিছুকে গুজব বলে চালিয়ে দিতে চাইছে সরকার।’ বিএনপির এই নেতা বলেন, ‘সরকারের পক্ষ থেকে একটা কথা বলা হচ্ছে-গুজব নাকি ছড়ানো হচ্ছে বিএনপির অফিস থেকে, বিএনপির পক্ষ থেকে।
সমস্যা হলো যারা আজকে জনগণকে বাইরে রেখে অন্যায়ভাবে, অবৈধভাবে ক্ষমতা দখল করেছে; তারা জনগণের সম্মুখীন হতে পারছে না। তারা জনগণের কাছে দায়বদ্ধ নয়; জবাবদিহি নয় বিধায় দেশে বহু সমস্যা সৃষ্টি হয়েছে।’
নাগরিক অধিকার আন্দোলন ফোরামের উপদেষ্টা নাসির উদ্দিন হাজারীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন-বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও কেন্দ্রীয় নেতা আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।
বার্তা বাজার/কেএ