জবানবন্দি প্রত্যাহার করতে চাচ্ছেন মিন্নি

বরগুনা আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় গ্রেফতার আয়শা সিদ্দিকা মিন্নিকে নির্যাতন ও ভয়ভীতি দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেয়া হয়েছে বলে দাবি করেছেন মিন্নির আইনজীবী মাহাবুবুল বারী আসলাম।

মিন্নির আইনজীবী মাহাবুবুল বারী আসলাম জানিয়েছেন, রিফাত হত্যায় মামলায় এ পর্যন্ত ১৫ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তবে এই মামলার প্রধান সাক্ষী আয়শা সিদ্দিকা মিন্নি তার জবানবন্দি প্রত্যাহার করতে চাচ্ছেন।

মিন্নির আইনজীবীর দাবি, মিন্নিকে নির্যাতন ও ভয়ভীতি দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে বরগুনার জেলা ও দায়রা জজ মো. আসাদুজ্জামানের আদালতে জামিন আবেদনের ওপর শুনানি হয়।

আসামি ও রাষ্ট্রপক্ষের শুনানি এবং মামলার তদন্ত কর্মকর্তার বক্তব্য শোনার পর বিচারক জামিন আবেদন নামঞ্জুর করেন। গত ২৩ জুলাই মিন্নির আইনজীবীরা এই জামিন আবেদন করেছিলেন।

রিফাত হত্যা মামলায় এ পর্যন্ত ১৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা সবাই ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। প্রধান আসামি নয়ন বন্ড ২ জুলাই পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। মামলার এজাহারভুক্ত ১২ আসামির মধ্যে এখনও চার জন গ্রেফতার হয়নি।

প্রসঙ্গত, ২৬ জুন সকালে প্রকাশ্যে বরগুনা সরকারি কলেজ গেটের সামনে রিফাতকে কুপিয়ে আহত করা হয়। গুরুতর আহত অবস্থায় বরিশাল নেওয়ার পর তিনি মারা যান ।

বার্তা বাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর