লক্ষ্মীপুরে সদ্য যোগ্যদানকৃত পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান বলেছেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে পুলিশ। মাদক কারবারীদের কোন প্রকার ছাড় দেয়া হবেনা। অপরাধীরা কোন দল, গোষ্ঠি কিংবা জাতের না। তারা অপরাধী সেই পুলিশ সদস্য হলেও কোন ছাড় নেই। যত বড় ক্ষমতাশালী অপরাধীই হোক না কেন তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।
মঙ্গলবার সকাল ১১ টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব মন্তব্য করেন।
এসময় তিনি সাংবাদিকদের সহযোগিতা চেয়ে বলেন, ‘সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ। সমাজের বিভিন্ন বিষয় নিয়ে আগাম তথ্য দিয়ে যে কোন অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুন্দর সমাজ গঠনে অবদান রাখছেন সাংবাদিকরাই। জনগণ ও পুলিশের মধ্যে সেতুবন্ধন তৈরী করে পুলিশের সহায়ক শক্তি হিসেবে কাজ করছে তারা। জনগণের জানমালের নিরাপত্তায় দুষ্টের দমন ও শিষ্টের পালন নিশ্চিত করবে পুলিশ।
এছাড়া বর্তমান ছেলে ধরা গুজবে সচেতন হওয়ার পাশপাশি অপরিচিত কাউকে সন্দেহ হলে আইন হাতে তুলে না নিয়ে পুলিশ জানানোর পরামর্শ দেন তিনি।
একই আগামী ঈদুল আযহা উপলক্ষে গরুহাট সহ সর্বত্র পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশের নিরাপত্তা জোরদার করা হবে বলে জানান পুলিশ সুপার কামরুজ্জামান।
অতিরিক্তি পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সহকারি পুলিশ সুপার (রামগতি সার্কেল) মারুফা নাজনীন, প্রেসক্লাব সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, ডি আই ওয়ান ইকবাল হোসেন, গোয়েন্দা শাখা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তার হোসেন, সদর থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান মিয়া, মাছরাঙা টেলিভিশন, দৈনিক মানবকন্ঠ জেলা প্রতিনিধি শাকের মোহাম্মদ রাসেলসহ জেলায় কর্মরত সাংবাদিকরা।
বার্তাবাজার/কে.জে.পি