‘কারা উপমহাপরিদর্শক পার্থ গোপাল পুলিশ কর্মকর্তা নন’

রাজধানীর ধানমন্ডির উত্তর গ্রিণ রোড থেকে সিলেট কারা কর্তৃপক্ষের ডিআইজি পার্থ গোপাল বণিকের বাসায় অভিযান চালিয়ে ৮০ লাখ টাকা জব্দ করে দুদক।এরপর বিষয়টি নিয়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয় দেশব্যাপী।এরপর সেই ডিআইজিকে আটক করা হয়।

অনিয়ম-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার সিলেট রেঞ্জের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) পার্থ গোপাল বণিক ‘পুলিশ কর্মকর্তা’ নন বলে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।

রোববার (২৯ জুলাই) পার্থ গোপাল গ্রেফতারের পর বিভিন্ন গণমাধ্যমে তাকে ‘পুলিশ কর্মকর্তা’ হিসেবে উল্লেখ করে সংবাদ প্রকাশের পর সোমবার (৩০ জুলাই) এ বিষয়ে ব্যাখ্যা দিলো পুলিশ হেডকোয়ার্টার্স।

দেশের সব গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানা উল্লেখ করেন, ‘ডিআইজি প্রিজনস পার্থ গোপাল বণিক বাংলাদেশ পুলিশের কর্মকর্তা নন।

তাকে “পুলিশের কর্মকর্তা” হিসেবে উল্লেখ করে সংবাদ প্রকাশ বা প্রচার করা দুঃখজনক ও অনভিপ্রেত। ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রকাশ বা প্রচারে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলো আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে বাংলাদেশ পুলিশ দৃঢ়ভাবে বিশ্বাস করে।’

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর