গত পরুশু রাজধানীর ধানমন্ডির উত্তর গ্রিণ রোড থেকে সিলেট কারা কর্তৃপক্ষের ডিআইজি পার্থ গোপাল বণিকের নিজ ফ্ল্যাট থেকে ৮০ লাখ টাকা উদ্ধার করা হলে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়।এবার সেই টাকা নিয়ে বোমা পাঠালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।তার দাবি এই এই টাকা বিএনপির নেতাকর্মীদের।
সোমবার (২৯ জুলাই) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতাদের নিয়ে শেরপুর সদর উপজেলার বালুঘাট গুচ্ছগ্রাম এলাকায় বন্যাকবলিত বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণের আগে তিনি এ কথা বলেন।
দুদক কর্তৃক ওই টাকা উদ্ধারের প্রসঙ্গ টেনে বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেন, জেলখানায় বেশিরভাগ লোক বিএনপি ও তার অঙ্গ সংগঠনের, সেখানে আওয়ামী লীগের কোনো লোক নেই। এই যে ঘুষের টাকা, এই টাকাগুলো কাদের, এই টাকা আমাদের। আমাদের যারা জেলে আছে তাদের।
তিনি আরও বলেন, এই টাকা গুলি যদি দিতে না হতো তা হলে আরও ৮০ লাখ টাকার বেশি ত্রাণ সামগ্রী আমরা বন্যার্তদের জন্য আনতে পারতাম। এই সরকার আমাদেরকে আনতে দিল না। আমাদের গ্রেফতার করে রেখে, আমাদেরকে শোষণ করে কিছু কিছু লোককে বড় করে দিচ্ছে সরকার।
সরকার শেরপুরে আইটি পার্ক নির্মানের উদ্যেগ নিয়েছেন।তার সমালোচনা করে নজরুল ইসলাম খান বলেন, আমরা শুনলাম যখন শেরপুরের কৃষক তাদের সবজিসহ সবকিছু হারিয়েছে। তখন আইটি পার্ক করার জন্য জায়গা দেখা হচ্ছে। আইটি পার্ক ভাল জিনিস। আমরা বলি আইটি পার্ক দরকার। কিন্তু আমি যখন ক্ষুধার্ত, তখন আমার প্রথম দরকার খাবার, আইটি না।

ত্রাণ বিতরনকালে বক্তব্য দিচ্ছেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান
নজরুল ইসলাম খান দাবি করেন, যতক্ষণ পর্যন্ত কৃষক আবার নতুন ফসল ফলাতে না পারে, ততক্ষণ পর্যন্ত কৃষকদের খাবার, কৃষিঋণ মওকুফ এবং সার-বীজ-কীটনাশক বিনা পয়সার দিতে হবে।
উল্লেখ্য, গত রোববার দুপুর ২টার দিকে সিলেটের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) পার্থ গোপাল বণিকের ধানমন্ডির নর্থ রোডের (ভূতের গলি) ২৭-২৮১ নম্বর বাসার বি/৬ নম্বর ফ্ল্যাটে অভিযান চালিয়ে ৮০ লাখ টাকা উদ্ধার করে দুদক।
এর আগে এদিন সকাল ১০টায় ডিআইজি পার্থ গোপাল বণিককে কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন দুদক কর্মকর্তারা। সেই জিজ্ঞাসাবাদের ভিত্তিতে দুপুর ২টার দিকে তার বাসায় অভিযান চালানো হয়।আর তখন মিলে এই টাকার সন্ধান।
বার্তাবাজার/এএস