বাবাকে হত্যা করে ডাকাতের ওপর দায় ছেলে-মেয়ের

রাজধানীর যাত্রাবাড়ী থানার মমিনবাগ এলাকা থেকে বাবাকে হত্যার অভিযোগে দুই সন্তানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত দুই সন্তান হলেন ছেলে শামীম হাসান ও মেয়ে মহসিনা আফরোজ প্রীতি। পারিবারিক কলহের জেরে

বাবাকে হত্যার পর তারা ঘটনাটিকে ডাকাতির ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন।

গতকাল ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার মোহাম্মদ ইব্রাহীম খান বলেন, ‘দীর্ঘদিন ধরে শামীম ও প্রীতির বাবা মহিবুল্লাহ তাদের মাকে নির্যাতন করে আসছিলেন। গত শনিবার রাতেও নিহত মহিবুল্লাহ

তার স্ত্রী ও সন্তানদের গালাগাল করেন। এরই একপর্যায়ে দুই ছেলেমেয়ে তার মাথায় মগ দিয়ে আঘাত করলে তিনি মারা যান। পরে মৃত্যু নিশ্চিত করার জন্য গলায় দড়ি পেঁচিয়ে রাখেন।’

পুলিশ জানায়, মহিবুল্লাহ নামে ষাটোর্ধ্ব ওই ব্যক্তি যাত্রাবাড়ীর মমিনবাগ এলাকার এ/সি-৩৬ নম্বরের নিজ বাড়ির নিচতলায় থাকতেন। তার সঙ্গে স্ত্রী হাসিনা ফেরদৌস, মেয়ে মহসিনা আফরোজ প্রীতি এবং ছেলে শামীম

হাসানও একই বাসায় থাকতেন। আরেক মেয়ে হাসনা হেনার বিয়ে হয়েছে। তিনি শ্বশুরবাড়িতে থাকেন। শনিবার মধ্যরাতে বাসায় ডাকাত ঢুকে সবাইকে হাত-পা বেঁধে মহিবুল্লাহকে হত্যার পর মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে

বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা।

পুলিশ জানায়, গত রবিবার সকালে লাশ উদ্ধারের পর বিষয়টিকে গুরুত্ব দিয়ে অনুসন্ধান শুরু করে পুলিশ। একপর্যায়ে ছেলে ও মেয়ের কথাবার্তায় অসংলগ্নতা দেখা দিলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এমনকি বাবার লাশ

বাসায় রেখে ছেলে পরীক্ষায় অংশ নিতে চলে যান। এতে পুলিশের আরও বেশি সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে পারিবারিক কলহের জেরে বাবাকে হত্যার কথা স্বীকার করেন দুই সন্তান। মেয়ে মহসিনা আফরোজ

প্রীতি কবি নজরুল কলেজের মাস্টার্সের শিক্ষার্থী ও ছেলে শামীম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের ফাইনাল সেমিস্টারের শিক্ষার্থী। তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে।

বার্তা বাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর