জাবিতে র‌্যাগিংকারী সেই শিক্ষার্থীকে বহিষ্কার

র‌্যাগিং করতে গিয়ে কান ফাটিয়ে দেওয়ার অভিযোগে ৪৭ তম ব্যাচের সেই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

বহিষ্কৃত শিক্ষার্থী মোঃ শিহাব বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও মীর মশাররফ হোসেন হলের আবাসিক ছাত্র। তবে সে থাকতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে।

রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের র‌্যাগিংয়ের ঘটনায় মো. শিহাব নামে এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ছাত্র-ছাত্রী শৃঙ্খলা অধ্যাদেশ ২০১৮ এর ধারা-৪ এর (১)(খ) অনুযায়ী এবং উপাচার্যের নিজস্ব ক্ষমতাবলে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়। তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান ও কোনো ধরনের শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না।

উল্লেখ্য, গত ২৩ জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের (৪৭তম ব্যাচ) তিন শিক্ষার্থীর বিরুদ্ধে র‌্যাগিংয়ের অভিযোগ তোলেন প্রথম বর্ষের (৪৮ তম ব্যাচ) এক শিক্ষার্থী। র‌্যাগিংয়ের সময় থাপ্পড় দিয়ে প্রথম বর্ষের (৪৮ তম ব্যাচ) এক শিক্ষার্থীর কান ফাটিয়ে দেওয়া হয়। পরবর্তীতে দোষীদের শাস্তি চেয়ে হল প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষার্থী।

লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে হল প্রশাসন প্রাথমিক তদন্ত শেষে প্রতিবেদন জমা দেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে। সেই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর