“এসো আইন মেনে চলি, মানবতার ঐশ্বর্ষে জীবন গড়ি” স্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয় ল’ অ্যাওয়ারনেস এন্ড ভ্যালুস ডেভেলপমেন্ট সেন্টারের আয়োজনে গুজব বিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় র্যালি পূর্বে প্রশাসন ভবন চত্বরে অনুষ্ঠিত সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী।
বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান,অপর বিশেষ অতিথি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা।
প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে উন্নয়ন কর্মধারা চলছে। বিশেষ করে বাঙালির আত্মনির্ভর হওয়া এবং সমৃদ্ধির মুর্তমান প্রতীক হচ্ছে পদ্মা সেতু। সেই পদ্মা সেতুর নির্মাণ কাজ যখন ৮১% শেষ হয়েছে এবং উদ্বোধনের দিন সমাগত। ঠিক তখনি এই পদ্মা সেতু নির্মাণে পরাজিত শক্তিই গুজব ছড়িয়ে সেতুর কাজ বিলম্বিত করার পাঁয়তারায় লিপ্ত। গুজবে তারা বলে যে, পদ্মা সেতু পরিপূর্ণ সমাপ্তির জন্য রক্ত এবং মাথা চায়। উপাচার্য বলেন, গুজবকারীরা একটা বিষয়ের সাথে আরেকটি বিষয় সুকৌশলে জড়িয়ে ফেলে। রক্ত এবং মাথা চাইতে গেলে ছেলে ধরতে হবে। ফলে যারা কিছুটা ভারসাম্যহীন তাদেরকে টার্গেট করে পিটিয়ে হত্যা করে তারা দেশে অস্থিরতা তৈরী করে এবং বিদেশকে দেখানোর চেষ্টা করে বাংলাদেশ ভাল চলছে না। কিন্তু কথাতো তা নয়, বাংলাদেশে বর্তমানে মাথাপিচু আয় দু’হাজার মার্কিন ডলার।বাংলাদেশ সৃষ্টির পর থেকে এখন সবচেয়ে ভাল অবস্থানে রয়েছে। আগামীতে আরও ভাল অবস্থানে যাবে। সুতরাং নিন্দুকদের কোন গুজবে আর কাজ হবে না। ড. রাশিদ আসকারী দেশের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে, প্রগতির পক্ষের শক্তিকে এগিয়ে এসে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বড় ধরনের গুজব বিরোধী বলয় তৈরীর আহবান জানান। যাতে করে আগামীতে এধরনের গুজব সৃষ্টি আর কেউ করতে না পারে।
আইন অনুষদের ডিন এবং ল’ অ্যাওয়ারনেস এন্ড ভ্যালুস ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক অধ্যাপক ড. রেবা মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোঃ মাহবুবর রহমান, আইন বিভাগের অধ্যাপক ড. মোঃ শাহজাহান মন্ডল, বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম রবিউল ইসলাম পলাশ, সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম রাকিব, ল’ অ্যাওয়ারনেস এন্ড ভ্যালুস ডেভেলপমেন্ট সেন্টারের সভাপতি মহিনুর রহমান এবং সাধারণ সম্পাদক আল-আমিন মিলন প্রমুখ।
উল্লেখ্য সমাবেশ শেষে গুজব বিরোধী র্যালি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বার্তাবাজার/আরএইচ