বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদির মতো তারকাকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়েছেন অস্ট্রেলিয়ার এক নারী ক্রিকেটার।
ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টিতে ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ১০০০ রান সংগ্রহের পাশাপাশি ১০০ উইকেট শিকারের নতুন মাইলফলক স্পর্শ করেছেন অস্ট্রেলিয়ার নারী দলের অলরাউন্ডার এলিস পেরি।
গত রোববার ইংল্যান্ডের বিপক্ষে নারী অ্যাশেজ টি-টোয়েন্টিতে ৪৭ রানের অপরাজিত ইনিংস খেলেন পেরি। এই ইনিংস খেলার পথে তিনি পৌঁছে যান ১০০০ রানের মাইলফলকে। আর তাতেই ক্রিকেটের ক্ষুদ্রতম এই সংস্করণে প্রথম ক্রিকেটার হিসেবে বিরল রেকর্ডটি গড়েন ২৮ বছর বয়সী এ অজি তারকা। সিরিজের দ্বিতীয় ম্যাচটিতে ৭ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া।
এর আগে গত বছর নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের নেট স্কিভারকে সাজঘরে ফিরিয়ে ১০০ উইকেটের মালিক হন পেরি। টি-টোয়েন্টি ক্রিকেটে ১০৪ ম্যাচ খেলে ব্যাট হাতে ১০০৫ রান সংগ্রহের পাশাপাশি মিডিয়াম ফাস্ট বোলিংয়ে শিকার করেন ১০৩ উইকেট। আর ওয়ানডেতে ১০৪ ম্যাচ খেলে সংগ্রহ করেন ২ হাজার ৮২০ রান। বল হাতে শিকার করেন ১৪৫ উইকেট।
টি-টোয়েন্টিতে পুরুষ ক্রিকেটারদের মধ্যে শহীদ আফ্রিদি ব্যাট হাতে ১ হাজার ৪১৬ রান সংগ্রহের পাশাপাশি লেগ স্পিনে শিকার করেন ৯৮ উইকেট। তার ঠিক পরেই আছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা এ অলরাউন্ডার ব্যাট হাতে ১ হাজার ৪৭১ রান সংগ্রহের পাশাপাশি বল হাতে শিকার করেন ৮৮ উইকেট।
তবে টি-টোয়েন্টিতে ৯৭ উইকেট শিকার করে শহীদ আফ্রিদির ঠিক পরেই আছেন শ্রীলংকান তারকা পেসার লাসিথ মালিঙ্গ। তৃতীয় পজিশনে সাকিব।
বার্তা বাজার/কেএ