বাসচাপায় হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

রাজধানীর অদূরে শিল্পাঞ্চল আশুলিয়ায় শ্যামলী বাসের চাপায় সজিব আহম্মেদ নামের বিকেএসপি পাবলিক স্কুলের সাবেক শিক্ষার্থী নিহতের ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেছে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সোমবার (২৯ জুলাই) দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)’র সামনে এই মানববন্ধন কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা।

এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঘাতক শ্যামলী পরিবহনের বাসের চালক ও হেলপারকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানায়। নিহত সজীব ঢাকার ধামরাই উপজেলার কুশুরিয়া গ্রামের মোঃ আবু সাঈদের ছেলে এবং বিকেএসপি পাবলিক স্কুলের এসএসসি-২০১৫ ব্যাচের শিক্ষার্থী ছিলেন বলে জানা যায়।

প্রসঙ্গত, গত ২৬ জুলাই রাত সাড়ে ১১টার দিকে সজিব আহম্মেদ সাভারের একটি বিয়ের অনুষ্ঠান থেকে বাসযোগে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার জিরানী বাজার এলাকার বিকেএসপি গেইটের সামনে নামলে পিছন দিকে থেকে দ্রুতগতির শ্যামলী পরিবহনের একটি বাস সজীবকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর