শুরু হলো ঈদ উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি।তবে আসন্ন ঈদুল আজহায় ট্রেনের শিডিউল বিপর্যয় হতে পারে বলে আশঙ্কা জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
সোমবার (২৯ জুলাই) দুপুরের দিকে প্রথম দিনের মতো অগ্রিম ট্রেনের টিকেট বিক্রি ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রাজধানীর কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন রেলমন্ত্রী।
গত ঈদুল ফিতরে বেশ কিছু ট্রেন শিডিউল বিপর্যয়ের মুখে পড়ে। আসন্ন ঈদুল আজহাতেও তার পুনরাবৃত্তি হতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করে নূরুল ইসলাম সুজন বলেন, বন্যার কারণে দেশের অনেক এলাকাতেই রেললাইন পানির নিচে রয়েছে। উদাহরণ হিসেবে উত্তরবঙ্গের গাইবান্ধার কথা উল্লেখ করেন মন্ত্রী। তবে কোরবানির আগে আগে সার্বিক পরিস্থিতির উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অ্যাপের মাধ্যমে ট্রেনের টিকেট বিক্রি নিয়ে যাত্রীদের ভোগান্তি হচ্ছে। সার্ভার ডাউন, সাইটে ঢুকতে না পারা ছাড়াও অ্যাপবিষয়ক বিভিন্ন অভিযোগ রয়েছে যাত্রীদের।
সাংবাদিকরা এ প্রসঙ্গে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, অ্যাপের মাধ্যমে প্রতিদিন ১০ হাজার টিকেট বিক্রি হবে। আজ সকাল সাড়ে ১০টার মধ্যেই অ্যাপে ছয় হাজারের অধিক টিকেট বিক্রি হয়েছে। সারা দিনে বাকি টিকেট বিক্রি না হলে সেগুলো কাউন্টারে দিয়ে দেওয়া হবে।
এর আগে কমলাপুর রেলস্টেশনের যাত্রী ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন রেলমন্ত্রী।
ঈদুল ফিতরের মতো এবারও ভিড় কমাতে কমলাপুর এলাকাসহ পাঁচটি এলাকায় টিকেট বিক্রি করা হচ্ছে। অর্ধেক টিকেট কাউন্টার থেকে এবং বাকি অর্ধেক অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে।
আজ সোমবার দেওয়া হচ্ছে ৭ আগস্টের টিকেট। আগামীকাল মঙ্গলবার দেওয়া হবে ৮ আগস্টের টিকেট। এ ছাড়া ৩১ জুলাই ৯ আগস্টের, ১ আগস্ট ১০ আগস্টের এবং ২ আগস্ট পাওয়া যাবে ১১ আগস্টের টিকেট।
এ ছাড়া ফিরতি টিকেট ৫ থেকে ৯ আগস্ট পর্যন্ত দেওয়া হবে বলে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জানান রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। এ সময় মন্ত্রী আরো জানান, একজন ব্যক্তি সর্বোচ্চ চারটি টিকেট কিনতে পারবেন এবং ঈদের অগ্রিম টিকেট ফেরত নেওয়া হবে না।
বার্তাবাজার/এএস