নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনী রেল ষ্টেশনের পূর্ব-দক্ষিণ পাশে ভয়াবহ আগুনে অন্তত ৩০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই হয়ে গেছে।সোমবার (২৯ জুলাই) রাত ১টার সময় এ আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করে।
নোয়াখালী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার হুমায়ুন কার্নায়েল বার্তা বাজার কে জানান, রাত ১ টার সময় চৌমুহনী রেলস্টেশনের পূর্ব-দক্ষিণ পাশের মার্কেটগুলোতে আগুন লাগে। খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটসহ জেলা সদর মাইজদী, সোনাইমুড়ী, কোম্পানীগঞ্জ ও ফেনী থেকে মোট সাতটি ইউনিট আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে আসে। সবগুলো ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ২৫ থেকে ৩০টি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। তিনি আরও জানান, পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলো বেশিরভাগ ক্রোকারিজ, প্লাস্টিকের সামগ্রী, এলুমিনিয়াম ও ঔষধ সামগ্রীসহ বিভিন্ন পণ্যের।ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পরিমাপ করা সম্ভব হয়নি।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।