সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, লাখ টাকায় প্রভাবশালীদের ধামাচাপা

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ঢাকা-বান্দুরা আন্তঃজেলা সড়কে দ্রুত পরিবহনের চাঁকায় পিষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম সুজন (২৭)। রোববার সকালে উপজেলার দিঘীরপাড় মসজিদ সংলগ্ন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজন ওই গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড কোম্পানীতে সেলসম্যান হিসেবে চাকরি করতেন।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহত সুজনের পারিবারিক সূত্রে জানা যায়, রোববার সকালে সুজন বাড়ি থেকে নাস্তা করে নিজ বাড়ির পাশে ঢাকা-বান্দুরা সড়কে বের হয়। এসময় রাস্তাপার হতে গেলে ঢাকাগামী দ্রুত পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস সুজনকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে স্থানীয়রা ধাওয়া করে বাসটি আটক করলেও ঘাতক বাসচালক পালিয়ে যায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এদিকে পুলিশের সুরতহাল প্রতিবেদনে দেখা যায়, চাঁকায় পিষ্ট হয়ে নিহত সুজনের মাথার ঘিলু বের হয়ে যায়। বুকের পাজর থেতলে ভেঙ্গে যাওয়ায় তাৎক্ষণিক তার মৃত্যু হয়। কিন্তু মর্মান্তিক এ দুর্ঘটনাকে ধামাচাপা দিতে ১ লাখ টাকায় দফাদফা করে স্থানীয় প্রভাবশালীরা।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার এসআই কাজী নাসের বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার পর আমরা মামলা নিতে প্রস্তুত ছিলাম। কিন্তু পরিবারের পক্ষ থেকে ‘মামলার বাদী না পাওয়ায়’ স্থানীয়রা সমঝোতা করেন।

এ ব্যাপারে নবাবগঞ্জ থানার ওসি (তদন্ত) গোলাম নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে এবং নিহতের লাশ থানায় আনা হয়েছে।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর