বেরোবিতে কর্মচারীদের অবরোধের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) রংপুর-এর তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের একটি অংশের ক্যাম্পাসে মাসব্যাপী আন্দোলনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

জানা যায়, রোববার দুপুর সাড়ে ১২ ঘটিকায় একাডেমিক ভবনের সংযোগ সড়কে তৃতীয় দিনের মতো মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন থেকে কর্মচারীদের অযৌক্তিক আন্দোলনের প্রতিবাদে আগামীকাল সোমবার ক্যাম্পাসে মৌন মিছিল কর্মসূচি পালনের ঘোষণা দেন শিক্ষক-শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীরা।

মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষকরা বলেন, তৃতীয় ও চতুর্থ শ্রেনির কর্মচারীদের দাবিসমূহ পূরণের বিষয়ে প্রশাসনের সদ্বিচ্ছা থাকলেও তারা উদ্দেশ্যমূলকভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এছাড়াও বিশেষ কোনো মহলের প্ররোচনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ বিনষ্ট করা এবং প্রশাসনিক কাজে অস্থিরতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা ও কর্মচারী অংশ নেন।

গত ১৭ জুন থেকে তৃতীয় ও চতুর্থ শ্রেনির কর্মচারীদের একটি অংশ পদোন্নতি ও আপগ্রেডেশন বিষয়ক যে দুটি দাবিতে আন্দোলন শুরু করেছে, সে দুটি দাবি গত ১১ জুলাই ৬২তম সিন্ডিকেট সভায় অনুমোদন এবং ৫৮ জনের ৪৪ মাসের বকেয়া বেতন পরিশোধের নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

উল্লেখ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এবারই প্রথম কর্মচারীদের পদোন্নতি নীতিমালা সিন্ডিকেট কর্তৃক অনুমোদিত হয়েছে। প্রফেসর ড. আব্দুল জলিল মিয়া উপাচার্য থাকাকালে অবৈধভাবে কর্মচারীদের নিয়োগ দেয়ায় তাদের ৪৪ মাসের বেতন বকেয়া ছিল, যার সাথে বর্তমান প্রশাসনের সংশ্লিষ্টতা নেই।

মানববন্ধনের অংশ নিয়ে প্রশাসনের কর্মকর্তারা, বিশ্ববিদ্যালয়কে স্থিতিশীল রেখে শিক্ষা ও প্রশাসনিক কাজে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য অবিলম্বে আন্দোলন তুলে নিতে তৃতীয় ও চতুর্থ শ্রেনির কর্মচারীদের প্রতি আহবান জানান। অন্যথায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তারা।

এর আগে গত বুধ ও বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত করা, ক্যাম্পাস অস্থিতিশীল রাখা ও শৃঙ্খলা বিনষ্টের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তাবৃন্দ।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর