নওগাঁর নিয়ামতপুরে নেশার টাকা চাওয়াকে কেন্দ্র করে মাদকাশক্ত ছেলের লাঠির আঘাতে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হামিদ (৫০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনার পর ছেলে জহুরুল ইসলামকে (২৬) বাড়ি থেকে আটক করেছে থানা পুলিশ। রোববার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল হতে বাড়িতে নেওয়ার পথে তিনি মারা যান। শনিবার বিকেলে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের ঝাজিরা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঝাজিরা গ্রামের আব্দুল হামিদের ছেলে জহুরুল ইসলাম। তিনি দীর্ঘদিন থেকে বিভিন্ন ধরনের মাদক সেবন করতেন। আব্দুল হামিদ কয়েকদিন আগে গরু বিক্রি করে ২২ হাজার টাকা বাড়ীতে রাখেন। গরু বিক্রীর সেই টাকা মাদক সেবনের জন্য শনিবার দুপুর আড়াইটার দিকে বাবার কাছে টাকা দাবী করেন জহুরুল ইসলাম। আব্দুল হামিদ তার ছেলেকে টাকা দিতে রাজি হচ্ছিলেন না। এতে দু’জনের মধ্যে বাক বিতান্ডায় এক পর্যায়ে জহুরুল তার বাবার মাথায় লাঠি দিয়ে কয়েকটা আঘাত করেন। এত করে আব্দুল হামিদ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রামেকে স্থানান্তর করা হয়। কর্তব্যরত চিকিৎসক আব্দুল হামিদের আরো উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দেন। রামেক হতে আব্দুল হামিদকে বাড়িতে নিয়ে আসার পথে রোববার ভোর সাড়ে ৪টার দিকে তিনি মারা যান।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, ঘটনায় ঘাতক ছেলে জহুরুল ইসলামকে নিজ বাড়ী থেকে রোববার দুপুরে আটক করে হত্যা মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে।
বার্তাবাজার/আরএইচ