তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (জোবিঅ) সাভার জোনাল বিপনন অফিস কাশিমপুরের সারদাগঞ্জ এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান চালিয়েছে। রবিবার (২৮ জুলাই) সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে আনুমানিক ৩ কিলোমিটার ব্যাপী অবৈধ বিতরণ লাইন তুলে ফেলা হয় এবং ১৫ শত বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় অবৈধ সংযোগ কাজে নেয়া রাইজারগুলি খুলে জব্দ করা হয়েছে।
সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (জোবিঅ) এর ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত মোঃ সায়েম এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে আরও উপস্থিত ছিলেন- উপ-ব্যবস্থাপক আমিরুল ইসলাম, উপ-ব্যবস্থাপক মহিউদ্দিন, সহ-ব্যবস্থাপক আব্দুল মান্নান, সহ-ব্যবস্থাপক সাকিব বিন আব্দুল হান্নান সহ তিতাসের কারিগরি টিমের প্রায় ৮০ জন শ্রমিক।

অভিযানের ব্যাপারে প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম বলেন, আমাদের জোনাল বিপনন অফিসের আন্ডারে সব অবৈধ গ্যাস লাইন পর্যায়ক্রমে বিচ্ছিন্ন করা হবে এবং নিয়মিত এ অভিযান মাস জুড়ে চলবে। আজ (রবিবার) আমরা কাশিমপুরের সারদাগঞ্জ এলাকায় সকাল থেকে অভিযান চালাচ্ছি। এসময় প্রায় ৩ কিলোমিটার অবৈধ দুই ইঞ্চি ও চার ইঞ্চি বিতরণ লাইন পেয়ে তা বিচ্ছিন্ন করেছি। এছাড়া অবৈধ সংযোগ যারা দিয়েছে এবং যারা নিয়েছে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, অভিযান চলাকালে ওই এলাকায় যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিলো।
বার্তাবাজার/আরএইচ