সামাজিক অস্থিরতা সৃষ্টি এবং ক্রমবর্ধমান নারী ও শিশু নির্যাতনের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে শেরপুর জেলা শহরের মাধবপুর এলাকায় শেরপুর প্রেসক্লাব সম্মুখে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা (এনজিও)’র কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন স্কুলের শিক্ষার্র্থীরা মানববন্ধন কর্মসূচীতে অংশ গ্রহণ করে।
২৮ জুলাই রোববার দুপুর ১২টায় বাংলাদেশে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থা সমূহের সমন্বয়কারী প্রতিষ্ঠান এডাব আয়োজনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন কর্মসূচীতে উপস্থিত বক্তারা বলেন, উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে দেশে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, গণধর্ষণ, গুম, হত্যা দিন দিন বেড়েই চলছে। বাংলাদেশ মহিলা সমিতির হিসেব মতে বাংলাদেশে গড়ে প্রতিদিন ১১ জন নারী ও শিশু ধর্ষিত হয়। গত জানুয়ারি থেকে জুন-২০১৯ এই ছয় মাসে বাংলাদেশে ২০৮৩টি যৌন হয়রানি ও নির্যাতনের ঘটনা ঘটেছে যার, ৭৩১টি যৌন হয়রানি, ৫৯২টি ধর্ষণ, ১১৩টি গণধর্ষণ এবং ২৬টি ধর্ষণের পরে খুন, ১১৩টি ধর্ষণের প্রচেষ্টা। বাংলাদেশ শিশু অধিকার ফোরামের অপর এক হিসেব মতে, গত ছয় মাসে ২১৫৮টি শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে, যার মধ্যে ২৭ জন প্রতিবন্ধীসহ মোট ৪৯৬ জন ধর্ষণ, ২৩ জন ধর্ষণ পরবর্তী খুন সহ মোট ২০৫ জন খুন হয়েছে। উদ্বেগের বিষয় এসব ধর্ষণ-নির্যাতন, খুন হচ্ছে কাছের মানুষ দ্বারাই। তবে এসব অপরাধের বিপরীতে শাস্তির ঘটনা নগণ্য।
তারা আরো বলেন, অনেক ক্ষেত্রেই আইনের ফাঁকফোকর, দায়িত্বে অবহেলা কিংবা প্রভাবশালীদের আশ্রয়-প্রশ্রয়-এসব কারণে বিচার ব্যবস্থা ব্যাহত হয়। যার মাধ্যমে একটি বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে, ফলে মানুষ অধিক হারে অপরাধ সংঘটিত করার উৎসাহ পাচ্ছে। সম্প্রতি ছেলে ধরা গুজবে সারাদেশে গণপিটুনি ও এতে মৃত্যুর ঘটনা ঘটছে। এসব গুজবে মানুষকে কান না দেওয়ার জন্য সচেতনতা সৃষ্টির আহ্বান জানান। সেই সাথে সামাজিক অস্থিরতা সৃষ্টি এবং ক্রমবর্ধমান নারী ও শিশু নির্যাতনের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে আরডিএস নির্বাহী পরিচালক নূর উদ্দিন, ক্যাপ এনজিও’র নির্বাহী পরিচালক নূর মোহাম্মদ, সেবা পরিষদ নির্বাহী পরিচালক মোঃ জয়নাল আবেদীন, অভিষ্ট গণ উন্নয়ণ সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সাত্তার, আরডিএস কর্মচারী নাইমা আক্তার নুপুর, বিউটি চক্রবর্তী, জুয়েল শেখসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/আরএইচ