২৮ ঘন্টা পর নিখোঁজ তিন ছাত্রের মরদেহ উদ্ধার

সাভার ব্যাংক টাউন সংলগ্ন ধলেশ্বরীর শাখা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া ধানমন্ডি আইডিয়াল কলেজের প্রথম বর্ষের তিন শিক্ষার্থীর মরদেহ দীর্ঘ ২৮ ঘন্টা উদ্ধার অভিযান শেষে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মরদেহগুলো তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার লিটন আহমেদ।

রবিবার (২৮ জুলাই) সকাল ১১টার দিকে ধলেশ্বরী নদীর সাভার ব্যাংক টাউন ঘাট এলাকা থেকে প্রথমে কলেজ ছাত্র আকাশের মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। এরপর দুপুর ১টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ৫ কিঃমিঃ দূরে বলিয়ারপুর কোন্ডা ব্রিজের কাছ থেকে উদ্ধার করা হয় অপর ছাত্র মেহেদীর মরদেহ। পরে বেলা ৩টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ৮ কিঃমিঃ দূরে আমিনবাজারের কাছাকাছি এলাকা থেকে রাজনের মরদেহটি উদ্ধার করা হয়।

এব্যাপারে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার লিটন আহমেদ জানান, রবিবার (২৮ জুলাই) সকাল থেকে পুনরায় শুরু হওয়া উদ্ধার অভিযানে তিনজনের লাশ উদ্ধার করা হয়ে। ফায়ার সার্ভিসের দু’জন ডুবুরি, ১০জন সদস্য এবং ভলেন্টিয়ার ফোর্সসহ মোট ৪০ জন উদ্ধার কাজে নিরলস পরিশ্রম করে গেছেন বলে জানান তিনি।

এর আগে গতকাল শনিবার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উদ্ধার অভিযান চালানো হয়। এরপর নদীর স্রোত বেড়ে যাওয়ায় এবং বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কাজ বন্ধ রাখা হয়।

প্রসঙ্গত, গতকাল শনিবার (২৭ জুলাই) বেলা ১১টায় সাভারের ধলেশ্বরী নদীতে ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১২ শিক্ষার্থী নৌভ্রমণে এসে গোসল করতে গিয়ে তাদের ভিতর বিজ্ঞান বিভাগের তিন শিক্ষার্থী নিখোঁজ হয়। নদীর তীব্র স্রোতের কারণে গোসলের এক পর্যায়ে তারা সবাই পাড়ে উঠে আসার চেষ্টা করে। এরমধ্যে কিবরিয়া, হাসিব, ইমন, নাহিদ, রাউফুন ও জিমাম নদী থেকে পাড়ে উঠতে পারলেও ভেসে যায় জিহাদুল, মানিক, আকাশ, রাজন ও মেহেদি।

পরে, জিহাদুল ও মানিককে আশপাশের লোকজন উদ্ধার করতে পারলেও আকাশ, রাজন ও মেহেদির কোনো খোঁজ পাওয়া যায় না।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর