কমিউনিটি ক্লিনিকসমূহে উপ-সহকারী কমিউিনিটি মেডিকেল অফিসার নিয়োগসহ চারদফা দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে মেডিকেল এ্যসিস্টেন্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস্) শিক্ষার্থী,কোর্স সম্পন্নকারী বেকার ও পেশাজীবি ডিপ্লোমা চিকিৎসকদের সংগঠন জেলা চাকুরী বাস্তবায়ন কমিটি।
রবিবার (২৮ জুলাই) সকাল ১০ টার দিকে চৌরাস্তা মোড়, মুজিব সড়কে অনুষ্ঠিত মানববন্ধন শেষে সিভিল সার্জনের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
সিরাজগঞ্জ জেলা চাকুরী বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এস.এম আব্দুল হান্নানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন-যুগ্ম আহ্বায়ক লিটন সরকার,আব্দুস সামাদ নোমান ও সদস্য সচিব খোদানেওয়াজ অভি।
এ সময় বক্তারা বলেন,বর্তমান সরকার দেশের প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা ও স্বাস্থ্যসেবা নিশ্চিৎ করতে কমিউনিটি ক্লিনিকগুলোতে সিএইচসিপিদের মাধ্যমে চিকিৎসা প্রদান করছে। এসব সিএইচসিপিদের প্রশিক্ষণ ও দক্ষতা না থাকায় জনস্বাস্থ্য আজ হুমকীর মুখে।
বক্তারা কমিউিনিটি ক্লিনিকগুলোতে ম্যাটস্ থেকে পাশ করা ছাত্র-ছাত্রীদের উপ-সহকারী কমিউিনিটি মেডিকেল অফিসার হিসেবে পদায়ন করে বেকারত্ব দূর করার পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর প্রকৃত চিকিৎসা ও স্বাস্থ্যসেবা নিশ্চিৎ করার জোর দাবি জানান।
বার্তাবাজার/আরএইচ