রাজধানীর কলাবাগানে জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব তনয় হত্যা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সামরিক শাখার প্রধান ও বরখাস্তকৃত মেজর সৈয়দ জিয়াউল হক জিয়াসহ আটজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে।
চার্জশিটভুক্ত আসামিরা হলেন- সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক ওরফে মেজর জিয়া (চাকরিচ্যুত মেজর), আকরাম হোসেন, সাব্বিরুল হক চৌধুরী, জুনাইদ আহমদ ওরফে মওলানা জুনায়েদ আহম্মেদ ওরফে জুনায়েদ, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন, আরাফাত রহমান, শেখ আব্দুল্লাহ ও আসাদুল্লাহ। আসামিদের মধ্যে প্রথম সারির চারজন পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা। বাকি চারজন কারাগারে রয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক মুহম্মদ মনিরুল ইসলাম সন্ত্রাস বিরোধ আইনে দায়ের করা মামলায় আদালতে এ চার্জশিট দাখিল করেন।
গত বৃহস্পতিবার শেষ বিকেলে চার্জশিট দাখিল করলেও আজ রোববার বিষয়টি প্রকাশ পেয়েছে।
এছাড়া ওই জোড়া খুনের মামলায় শফিকুল ইসলাম ওরফে কেরামত, রশিদুন্নবী, ইয়াছিন মিয়া ওরফে জাভেদ, সেলিম, হাসান, তারেক, কামরুল ওরফে কবিরুল ও আকিল ওরফে আলী কবির নামে আটজনকে অব্যাহতির আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা। এদের মধ্যে প্রথম তিনজন কেরামত, জাবেদ ও সেলিমের বিরুদ্ধে ঘটনার সঙ্গে জড়িত মর্মে কোন তথ্য-প্রমাণ পাওয়া যায়নি এবং পরের পাঁচজন হাসান, তারেক, কামরুল, আলী ও কবির ঘটনায় জড়িত থাকা সত্ত্বেও পূর্ণাঙ্গ নাম-ঠিকানা না পাওয়ায় তাদের অব্যাহতির আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
উল্লেখ্য, ২০১৬ সালের ২৫ এপ্রিল রাজধানীর কলাবাগানের লেক সার্কাস রোডের বাড়িতে প্রবেশ করে ইউএসএইড কর্মকর্তা জুলহাজ মান্নান ও তার বন্ধু থিয়েটারকর্মী মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় কলাবাগান থানায় জুলহাজের বড় ভাই মিনহাজ মান্নান ইমন হত্যা মামলা এবং সংশ্লিষ্ট থানার এসআই মোহাম্মদ শামীম অস্ত্র আইনে আরেকটি মামলা দায়ের করেন।
বার্তাবাজার/এএস