বন্যায় আটকা ট্রেনের ৭০০ যাত্রী, হেলিকপ্টার দিয়ে উদ্ধার

রাতভর প্রবল বর্ষণে আকস্মিক বন্যায় ভারতের মুম্বাই শহরের কাছে আটকে পড়া এক ট্রেনের ৭০০ যাত্রীকে ১৫ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। খবর বিবিসির।

শুক্রবার মুম্বাই ও এর আশপাশের এলাকায় বন্যা দেখা দেয়। রাতে ওয়াঙ্গানির কাছে মুম্বাই-কোলহাপুরের মধ্যে চলাচলকারী মহালক্ষী এক্সপ্রেস আটকা পড়ে।

আশপাশের এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় ট্রেন থেকে যাত্রীদের না নামার বিষয়ে সতর্ক করে কর্তৃপক্ষ। এরপর সামরিক হেলিকপ্টার, দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)ও উদ্ধারকারী দল পাঠিয়ে শনিবার বিকেলে যাত্রীদের উদ্ধার করা হয়।

বৃষ্টি ও বন্যার কারণে যেসব যাত্রীরা বিপাকে পড়ছেন তাদের ভ্রমণের বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ট্রেন পরিচালনাকারী কোম্পানির এক মুখপাত্র জানিয়েছেন।

মুম্বাই থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরের ওই এলাকার কাছাকাছি ওয়াঙ্গানি, বদলাপুর, উল্লাসনগরের মতো ছোট ছোট শহর ভারি বর্ষণের পর তলিয়ে গেছে।

নিকটবর্তী স্থানে অস্থায়ী শিবির স্থাপন করে বন্যার্তদের জন্য খাবার ও অষুধের ব্যবস্থা করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর