ডিএনসি’র অভিযানে মাদকদ্রব্য সহ আটক ৭

ডিএনসি (ডিপার্টমেন্ট অফ নারকোটিক কন্ট্রোল) ঢাকা জেলা মাদকবিরোধী বিশেষ অভিযানের ৩য় দিনে অভিযান চালিয়ে মাদকদ্রব্য সহ চিহ্নিত ৭ মাদক ব্যবসায়ী কে আটক করেছে। শনিবার (২৭ জুলাই) ঢাকার সাভার মডেল থানা এবং আশুলিয়া থানাধীন কয়েকস্থানে এই অভিযান পরিচালিত হয় বলে ডিএনসি সূত্রে জানা গেছে।

ডিএনসি’র ঢাকা জেলার সহকারী পরিচালক সুব্রত শুভ এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এব্যাপারে মুঠোফোনে তিনি জানান, আজ বিশেষ অভিযানের তৃতীয় দিনে আমরা সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকা থেকে ২০ (বিশ) গ্রাম হেরোইন, মাদক বিক্রির নগদ ১৮৯২০/- টাকা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত ০২টি মোবাইল সেটসহ সাভার উপজেলার কুখ্যাত হেরোইন ব্যবসায়ী মোঃ রিপন (৩৪) কে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হই। পরে তার দেয়া তথ্যমতে আরো ২৫ (পঁচিশ) গ্রাম হেরোইনসহ সাভারের আনন্দপুর এলাকা থেকে মোঃ মনারুল ইসলাম (২১), আশুলিয়ার বিশমাইল এলাকা থেকে মোঃ শফিক (৩৭) ও নিরিবিলি এলাকা থেকে আসামী মোঃ রহমত আলী (৪২) কে হাতেনাতে গ্রেপ্তার করি। পরে তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় দুইটি ও আশুলিয়া থানায় দুইটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

ডিএনসি’র অভিযানে মাদকদ্রব্য সহ আটক ৭।

তিনি আরও জানান, আজ (শনিবার) গাঁজা সংরক্ষণ এবং সেবনের অপরাধে সাভারের তেঁতুলঝোড়া এলাকা থেকে আসামী মোঃ রাজীব (২৩), মহিদুল ইসলাম (২৫) এবং মোঃ নূর ইসলাম (৩২)কে গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রত্যেককে ১০০০/- টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়।

মাদকবিরোধী এই বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানান ডিএনসি’র এই কর্মকর্তা।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর