আশুলিয়ায় ডিবি (উত্তর) এর গুজব বিরোধী প্রচারণা

রাজধানীর অদূরে শিল্পাঞ্চল আশুলিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান বিপিএম(বার), পিপিএম এর নির্দেশনায় ঢাকা জেলা ডিবি (উত্তর) এর পক্ষ থেকে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে গুজব বিরোধী প্রচারণা চালানো হয়েছে। শনিবার (২৭ জুলাই) আশুলিয়ার চারিগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ আরো কয়েকটি বিদ্যালয়ে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।

ঢাকা জেলা ডিবি (উত্তর) এর সুযোগ্য অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার, পিপিএম এর নেতৃত্বে ডিবি (উত্তর) এর অন্যান্য উপ-পরিদর্শকগণ এই প্রচারণায় অংশ নেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার তার বক্তব্যে জানান, গুজব আসলে মিথ্যা ছাড়া আর কিছুই না বিধায় এর নাম ‘গুজব’ রাখা হয়েছে। আর ‘ছেলেধরা’ বলতে কিছুই নেই। তাই গুজবে কান দেয়া যাবে না এবং ছেলেধরা সন্দেহে কাউকে আটক করে গণপিটুনিতে মেরে ফেলাও যাবে না।

তিনি আরও বলেন, কারও প্রতি এরকম কোনো সন্দেহও যদি হয়, তবে প্রয়োজনে তাকে আটকে রেখে ৯৯৯ এ কল করে পুলিশের সহায়তা নিতে হবে। এই ইউনিয়নের চেয়ারম্যান রয়েছেন, ইউপি সদস্যগণ রয়েছেন, আমরা আছি, এজন্য কাউকে মারধর না করে আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বারদের কিংবা আমাদের খবর দিন। কিন্তু কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেয়া যাবে না।

গুজব বিরোধী এই প্রচারণায় এসময় আরও উপস্থিত ছিলেন- ডিবি (উত্তর) এর উপ-পরিদর্শক আব্দুল আজিজ, উপ-পরিদর্শক আব্দুল গনি, উপ-পরিদর্শক তানভীর মোর্শেদ, পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান, পাথালিয়া ৩নং ওয়ার্ডের মেম্বার শফিউল আলম সোহাগ, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, ছাত্রছাত্রী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে সতর্ক থাকার আহবান জানিয়ে আশেপাশের ময়লা-আবর্জনা পরিষ্কার রাখা এবং কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখার উপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মাদক এবং ইভটিজিং এর বিরুদ্ধেও সকলকে জোরালো ভূমিকা রাখতে আহবান করা হয়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর