কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মঠখোলা-কটিয়াদী আঞ্চলিক মহা-সড়কে ট্রাক -সিএনজি সংঘর্ষে নারীসহ ৪ জন নিহত হয়েছে। আজ শনিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের মান্দারকান্দি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে ঘটনাস্থলেই মারা যান সিএনজিচালক শরীফ এবং মঠখোলা বাজারের জুতা ব্যবসায়ী খোকন। দুর্ঘটনায় গুরুতর আহত হওয়া রাজিয়া খাতুন (৭৫) কে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসময় আশঙ্কাজনক অবস্থায় অহিদ মিয়াকে প্রথমে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনায় ঘাতক ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-৮৫৫৫) এবং তার চালককে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, সিএনজিচালিত অটোরিকশাটি মঠখোলা বটতলা থেকে যাত্রী নিয়ে কটিয়াদী যাচ্ছিল। সকাল সোয়া ৮টার দিকে মান্দারকান্দি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সরাসরি সিএনজিটিকে চাপা দেয়।
এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সিএনজিচালক শরীফ এবং মঠখোলা বাজারের জুতা ব্যবসায়ী খোকনের মৃত্যু হয়। এছাড়া সিএনজিতে থাকা বাকি চার যাত্রীর মধ্যে রাজিয়া খাতুন ও অহিদ মিয়া নামে দুই যাত্রী গুরুতর আহত হন।
আহত দুই সিএনজি যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাজিয়া খাতুন এবং ঢাকায় নিয়ে যাওয়ার পথে অহিদ মিয়ার মৃত্যু হয়।
খবর পেয়ে আহুতিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত সিএনজিচালক শরীফ এবং ব্যবসায়ী খোকনের লাশ উদ্ধার করে।
পাকুন্দিয়া থানার ওসি মোঃ মফিজুর রহমান মুঠোফোনে বার্তা বাজারকে জানান, ট্রাক চাপায় ঘটনাস্থলে দুই জন, কটিয়াদী হাসপাতালে একজন এবং ঢাকায় নেওয়ার পথে এক জন সহ মোট চারজন নিহত হয়েছে। চালকসহ ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি