নিজে বাঁচলেও বাঁচাতে পারেননি মা-বাবাকে

কুড়িগ্রামে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।শুক্রবার দুপুর ১২টার দিকে সদর উপজেলায় কাঁঠালবাড়ি কলেজের পাশে মাদ্রাসা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- কুড়িগ্রাম সদরের করিমের খামার জিগামারীর ঘাট এলাকার শুকুর আলীর ছেলে মোস্তফা (৩৫) ও তার স্ত্রী জ্যোস্না (২৮) এবং মোস্তফার নানি আমেনা ওরফে জোহরা বেওয়া (৭৫)।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান ও অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম হাসপাতালে এসে আহতদের খোঁজ-খবর নেন। কুড়িগ্রাম সদর থানার ওসি মাহফুজার রহমান জানান, পরিবার নিয়ে কুড়িগ্রাম থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে আত্মীয়ের বাড়ি লালমনিরহাট জেলার বড়বাড়ি বেড়াতে যাচ্ছিলেন মোস্তফা।

এ সময় কুড়িগ্রাম থেকে রংপুরগামী (কুমিল্লা-জ ১১-০০১০) অর্পণ নামে একটি মিনিবাস পেছন থেকে অটোকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জন মারা যান। এ ঘটনায় আহত হন আরও ৩ জন।

আহতদের মধ্যে অটোচালক মানিকের (৩৫) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুপুর ১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান ওসি। ওসি আরও জানান, নিহত মোস্তফার একমাত্র মেয়ে মিম (১৫) ও অপর আহত যাত্রী জাহেদুল ইসলামকে (৪৫) কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। মিম চলতি বছর এসএসসি পাস করে কলেজে ভর্তি হয়েছে বলে স্বজনরা জানিয়েছেন।

বার্তা বাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর