দীর্ঘ প্রতিক্ষার পর আজ বিকালে পটুয়াখালী বাস মিনিবাস মালিক গ্রুপের দায়িত্বভার গ্রহন করলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ নুরুল হাফিজ। বিকাল সাড়ে ৪টায় পটুয়াখালী জেলা প্রশাসকের দরবার হলে অনুষ্টিত বাস মিনিবাস মালিক পক্ষের মতবিনিময় সভায় এ দায়িত্বভার গ্রহণ করেন।
এসময় বাস মিনিবাসের অর্ধশতাধিক মালিকগন উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নুরুল হাফিজ বলেন, আজ থেকে বাস স্টান্ডের সকল প্রকার অনিয়ম দুর্নীতি চলবেনা। কোন ধরনের ভয়ভীতি না পাবার জন্য সকলকে সাহস যোগান দেন। আজকের পর বাসস্ট্যান্ডে যদি কেউ কোন ধরনের সন্ত্রাসী কর্মকান্ড করার প্রচেষ্টা চালায় কিংবা কোন ধরনের চাঁদাবাজির সাথে কেউ জড়িত থাকে তাহলে কঠোর হস্তে দমন করা হবে। এর আগে গত ২১ জুলাই বাণিজ্য মন্ত্রণালয় পরিচালক, বাণিজ্য সংগঠন (অতিরিক্ত সচিব) মোঃ ওবায়দুল আজম এর এক আদেশে পটুয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটকে বাস মিনিবাস মালিক গ্রুপের প্রশাসক হিসাবে নিয়োগ দেয়া হয়।
ওই অফিস আদেশে বলা হয়, পটুয়াখালী জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের বর্তমান কমিটির বিরুদ্ধে আনীত অভিযোগ সমূহের বিষয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পটুয়াখালী নেতৃত্বে সহকারী পরিচালক বিআরটিএ, পুলিশ সুপার পটুয়াখালী প্রতিনিধি সমন্বয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হয়। তদন্ত প্রতিবেদনে মালিক গ্রুপের সভাপতি এবং সেক্রেটারি কর্তৃক নিজেদের পছন্দমত গাড়ির সিরিয়াল দেয়া, গঠনতন্ত্র অনুযায়ী প্লেসিং না করা। গ্রুপের আয়-ব্যয়ের সঠিক হিসাব না থাকার বিষয়ে সত্যতা প্রমাণিত হয়। যেহেতু জেলা প্রশাসক পটুয়াখালী কর্তৃক পটুয়াখালী জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সদস্যদের মধ্যে নির্বাচন না হওয়া পর্যন্ত একজন প্রশাসক নিয়োগের সুপারিশ করা হয় যেহেতু পটুয়াখালী জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপ নামে বাণিজ্য মন্ত্রণালয় হতে ১৫ মার্চ ২০০৬ তারিখে লাইসেন্স নং ১২/২০০৬ প্রদান করা হলেও বর্তমান সংগঠনটি গ্রুপের স্থলে সমিতি প্রতিস্থাপন পূর্বক একই লাইসেন্স নম্বর ব্যবহার করে পটুয়াখালী জেলা বাস মিনিবাস মালিক সমিতির নামে অবৈধভাবে পরিচালিত হচ্ছে।
যেহেতু জেলা প্রশাসক পটুয়াখালী সুপারিশের প্রেক্ষিতে গ্রুপ সদস্যদের মধ্যে সৃষ্ট বিরোধ নিরসন কল্পে এবং স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে একজন প্রশাসক নিয়োগ করা হবে না সে মর্মে গত ১৭ জুন ২০১৯ তারিখে গ্রুপের সভাপতি বরাবর আগামী সাত কার্যদিবসের মধ্যে কারণ দর্শনোর জন্য বলা হলেও নির্ধারিত সময়ে জবাব প্রদান না করে আত্মপক্ষ/সমর্থনের শুনানির আবেদন করাশ ১০ জুলাই ২০১৯ তারিখ অনুষ্ঠিত শুনানিতে কোন সন্তোষজনক জবাব প্রদানে ব্যর্থ হন।
যেহেতু শুনানিকালে বাণিজ্য সংগঠন অধ্যাদেশ অনুযায়ী বাৎসরিক ভিত্তিতে সংগঠনের অডিট করানো হয় না মর্মে সংগঠনের বর্তমান দায়িত্বরত সভাপতি ও সাধারণ সম্পাদক স্বীকার করেন। যেহেতু গ্রুপ সুষ্ঠু নিরপেক্ষ ও আইনগতভাবে নির্বাচন অনুষ্ঠান এবং প্রাসঙ্গিক শূন্যতা দূরীকরণার্থে বাণিজ্য সংগঠন অধ্যাদেশ ১৯৬১, বাণিজ্যিক সংগঠন বিধিমালা ১৯৯৪ অনুযায়ী একজন প্রশাসক নিয়োগ করা অপরিহার্য হয়ে পড়েছে।
পটুয়াখালী জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের বিদ্যমান সমস্যা নিরসনের লক্ষ্যে বাণিজ্য সংগঠন অধ্যাদেশ ১৯৬১ এর ১০ ধারা মোতাবেক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পটুয়াখালী কে উক্ত গ্রুপের প্রশাসক নিয়োগ করা হলো।
তিনি সংগঠনটি রুটিন কার্যাবলী পরিচালনা করবেন এবং দায়িত্ব গ্রহণের ১২০ দিনের মধ্যে বিধি মোতাবেক কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন পূর্বক নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবেন বলে অফিস আদেশে বলা হয়েছে।
উল্লেখ্য, পটুয়াখালী জেলা বাস মিনিবাস মালিক সমিতির বর্তমান সভাপতি রিয়াজ মৃধা ও সাধারণ সম্পাদক দীর্ঘদিন যাবত এই সমিতির দায়িত্ব পালন করে আসছেন। দায়িত্ব পালনকালে তাদের বিরুদ্ধে সমিতির অর্থ তছরুপ সহ বিভিন্ন ধরনের অনিয়মের বিরুদ্ধে আন্দোলনে নামেন বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সদস্যরা। এর প্রেক্ষিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করে সমিতির বিভিন্ন কার্যক্রম এবং দুর্নীতির বিষয়ে তদন্ত সম্পন্ন করে বাণিজ্য মন্ত্রণালয় একটি প্রতিবেদন প্রেরণ করা হয়।
বার্তাবাজার/আরএইচ