পিরোজপুরের ইন্দুরকানীতে ইয়াবা ব্যবসায়ীর স্ত্রীর সঙ্গে আড়াই বছরের শিশুকেও কারাগারে পাঠানো হয়েছে। ছোট্ট শিশুকে কারাগারে পাঠানোর ঘটনায় এলাকা ঘিরে আলোচনা তুঙ্গে।
শুক্রবার (২৬ জুলাই) ইন্দুরকানী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আটক দেখিয়ে মা ও শিশু পুত্রকে পিরোজপুর কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে পিরোজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেতৃত্বে ইন্দুরকানী গ্রামের মিজানুর রহমান তারা গাজীর বাসায় অভিযান চালায় পুলিশ। এ সময় তারা গাজী পালিয়ে গেলেও পুলিশ তার বাসা তল্লাশি করে পঞ্চাশ পিস ইয়াবাসহ তার স্ত্রী শিমুল বেগম ও আড়াই বছরের শিশুপুত্র সোহানকে আটক করে। পরে শুক্রবার মা ও শিশু পুত্রকে পিরোজপুর কারাগারে পাঠানো হয়েছে।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবীবুর রহমান বলেন, ‘মাদক মামলায় ইয়াবা ব্যবসায়ী তারা গাজীর স্ত্রীকে কারাগারে পাঠানো হয়েছে। তার শিশুপুত্রও তার সঙ্গে কারাগারে রয়েছে।’
বার্তাবাজার।এএস