গ্লোবাল টি-টোয়েন্টিতে গেইলের কাছে হেরে গেল যুবরাজের দল

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এই প্রথমবার কোনও প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামলেন যুবরাজ সিং।তবে প্রথম ম্যাচে ব্যাট হাতে নজর কাড়তে পারলেন না যুবি। হারতে হল তার দলকেও।

অবসর নেওয়ার পর গ্লোবাল টি-টোয়েন্টি কানাডায় খেলার জন্য বিসিসিআই-এর কাছ থেকে ছাড়পত্র চেয়েছিলেন যুবরাজ। বোর্ড নো অবজেকশন সার্টিফিকেট দিতে কুণ্ঠা বোধ করেনি।

গ্লোবাল টি-টোয়েন্টি’তে টরেন্টো ন্যাশনাল টিমের ক্যাপ্টেন নিযুক্ত হন যুবরাজ। দলে যোগ দেওয়ার পরেই একটি টুইটে কানাডা লিগে ছক্কা মারার প্রতিশ্রুতি দেন তিনি। সেই টুইটের প্রতিক্রিয়ায় পালটা ছক্কা মারার হুঁশিয়ারি দেন প্রথম ম্যাচে যুবির প্রতিপক্ষ দল ভ্যাঙ্কুভার নাইটসের ক্যাপ্টেন ক্রিস গেইল।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে টস জিতে প্রথমে যুবরাজদের ব্যাট করার আমন্ত্রণ জানান গেইল। টরন্টো নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৫৯ রান তোলে। ওপেনার রডরিগো থমাস ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩১ বলে ৪১ রান করেন। ২০ বলে ৪১ রান করেন হেনরিচ ক্লাসেন। তিনি ২টি চার ও ৪টি ছক্কা মারেন৷ কায়রন পোলার্ড ২টি তার ও ৩টি ছক্কার সাহায্যে ১৩ বলে ৩০ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন।

ব্রেন্ডন ম্যাকালাম ৫ বলে ৪ রান করে আউট হন। ২৩ বলে ১৭ রান করেন ম্যাকলেয়ড। যুবরাজ সিং ২৭ বলে ১৪ রান করে ক্রিজ ছাড়েন। তিনি একটিও বাউন্ডারি মারতে পারেননি।

পালটা ব্যাট করতে নেমে ভ্যাঙ্কুভার ১৭.২ ওভারে মাত্র ২ উইকেটের বিনিময়ে ১৬২ রান তুলে ম্যাচ জিতে যায়। গেইল ১০ বলে ১২ রান করে আউট হন। তোবিয়াস ভিসি ২০ রান করে ক্রিজ ছাড়েন।ওয়ালটন ৩৫ বলে ৫৯ ও ভ্যান ডার দাসেন ৪৩ বলে ৬৫ রান করে অপরাজিত থাকেন।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর