আজ তামিমের ‘অভিষেক’

শিরোনাম দেখে অনেকে হয়ত চোখ ভালো করে ঘষে নিচ্ছেন, কি দেখছি এইটা?এমন হতচকিয়ে যাওয়ারই কথা।যে বেটা দই শ-এর উপরে ওয়ানডে ম্যাচ খেলেছে তার ‘অভিষেক’ হয় কি করে?হ্যাঁ, তামিমের অভিষেকই হচ্ছে।আপনি ভুল কিছু দেখেননি।এটা তামিমের অন্যরকম অভিষেক।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ আজ (শুক্রবার, ২৬ জুলাই)।দিবা-রাত্রীর এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল তিনটায়। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে বাংলাদেশের তামিম খানইকবালের। দেশের ১৪তম অধিনায়ক হিসেবে আজ বাংলাদেশ দলকে নেতৃত্ব দিতে নামবেন চট্টলার এই সন্তান।

এখন পর্যন্ত এক এক করে বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে ১৩ ক্রিকেটার নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে শুধু দুইজন নেতৃত্বে প্রথম ম্যাচেই জয় পেয়েছেন। একজন হাবিবুল বাশার সুমন। আরেকজন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তামিম ইকবাল কী হাবিবুল বা সাকিবের মতো হতে পারবেন?উত্তর পেতে অপক্ষো করতে বেশ কয়েক ঘন্টা।

জাতীয় দলের নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ইনজুরিতে। আর সহ-অধিনায়ক সাকিব আল হাসান ছুটিতে থাকায় শ্রীলঙ্কা সিরিজে দলকে নেতৃত্ব দেবেন তামিম। যদিও এর আগে বাংলাদেশ দলকে তামিম একবার নেতৃত্ব দিয়েছিলেন। সেটা ছিল ২০১৭ সালের ক্রাইস্টচার্চ টেস্টে। নিয়মিত টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম আঙুলের চোটে খেলতে পারেননি সেই টেস্ট। এবারও একই ঘটনা। ম্যাশের ইনজুরি!

ওয়ানডে ক্রিকেটে অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে তামিমের। স্বাভাবিকভাবে নতুন দায়িত্ব পেলে সবার মধ্যে বাড়তি আনন্দ কাজ করে। কিন্তু টাইগার এই ওপেনার জানালেন, বিষয়টি নিয়ে মোটেও বাড়তি উদ্দীপনা নেই তার। টিম ম্যানেজমেন্ট যে দায়িত্ব দিয়েছে, ৩০ বছর বয়সী এই ক্রিকেটার তা ঠিকভাবে পালন করতে চান।

লঙ্কানদের বিপক্ষে আজকের ম্যাচ সামনে রেখে গতকাল সংবাদমাধ্যমের মুখোমুখি হন তামিম। জানালেন, নতুন দায়িত্ব নিয়ে নিজের অনুভূতির কথা- ‘সত্যি কথা বলতে এভাবে চিন্তা করছি না যে, অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে। (সাংবাদিকদের উদ্দেশ্য করে) আপনারা বলছেন, শুনে ভালো লাগছে। আসলে একজন অধিনায়কের তখনই ভালো লাগবে, যখন দল জিতবে। যদি কাল জিততে পারি, তাহলেই অধিনায়ক হিসেবে সার্থকতা আসবে।’

এই সিরিজে নতুন দায়িত্বের পাশাপাশি আরও এক নতুন মাইলফলকের সামনে দাঁড়িয়ে তামিম ইকবাল। তিন ম্যাচের সিরিজে ১২৯ রান করতে পারলেই প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে সাত হাজার রানের ঘরে পা রাখবেন দেশসেরা এই ওপেনার।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর