নাছিরকে ফের মেয়র হিসেবে চান বিএনপিনেত্রী মনি

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে মেয়াদ শেষ হতে চলেছে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের। আগামী মেয়াদেও তাকেই আবার মেয়র হিসেবে দেখতে চান চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম মনি।

বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে নগরের রীমা কনভেনশন সেন্টারে ‘জনতার মুখোমুখি মেয়র’ শীর্ষক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। মনি চট্টগ্রাম সিটি করপোরেশনের সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর। তার এ বক্তব্যকে কাণ্ডজ্ঞানহীন বলছেন বিএনপির নেতাকর্মীরা।

সিটি মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- কাউন্সিলর চৌধুরী হাসান মোহাম্মদ হাসনী ও সিটি করপোরেশনের সচিব মোহাম্মদ আবু শাহেদ চৌধুরী।

অনুষ্ঠানে মনি বলেন, অনেক প্রতিবন্ধকতার মধ্যে মেয়র নাছিরকে কাজ করতে হয়েছে। তিনি সমাজসেবক ও একজন সরল মনের মানুষ। প্রথমে মনে হয়েছে, আ জ ম নাছির গভীর মনের মানুষ। ওনার সঙ্গে মিশে জেনেছি, উনি অসম্ভব সরল। আমরা নাছির ভাইকে সঙ্গে নিয়ে আগামীতে কাজ করে যাবো। তাকে আমরা আবারও মেয়র হিসেবে দেখতে চাই।

নগরীর জলাবদ্ধতা সমস্যা নিয়ে মেয়রের পক্ষে সাফাই গেয়ে মনোয়ারা বেগম মনি বলেন, চাওয়া-পাওয়ার অনেক হিসাব মেয়র মহোদয় মেলাতে পারেননি। চট্টগ্রামের সবচেয়ে বড় সমস্যা জলাবদ্ধতা। এই সমস্যা দূর করার জন্য সিডিএ’কে মেগা প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু জলাবদ্ধতা দূর হয়নি। এজন্য সিডিএ’র সাবেক চেয়ারম্যান ছালামকেই জবাব দিতে হবে।

এরপর বিএনপির এই নেত্রীর বক্তব্য নিয়ে নিজ দল বিএনপিতে চলে সমালোচনা।এ প্রসঙ্গে নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, মহানগর মহিলাদলের দায়িত্বে থেকে এ ধরনের বক্তব্য মনি দিতে পারেন না। এটি তার ব্যক্তিগত বক্তব্য। অতি আবেগে হয়তো তিনি এটা বলে ফেলেছেন। আমরা বিষয়টি নিয়ে দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেবো।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর