বাসেই মৃত্যু ডেঙ্গু রোগীর

ঢাকায় একটি সিকিউরিটি কোম্পানিতে চাকরি করতেন নড়াইলের ইকরাম হোসেন (৪৫)। হঠাৎ ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় গত বুধবার রাতে হানিফ পরিবহনের একটি চেয়ার কোচে করে বাড়ি ফিরছিলেন। কিন্তু পথেই তার মৃত্যু হয়।

তবে নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মসিউর রহমান বাবু জানান, ডেঙ্গু রোগেই ইকরামের মৃত্যু হয়েছে কিনা তা পরীক্ষা-নিরীক্ষা করার মতো কোনো সুযোগ-সুবিধা এ হাসপাতালে নেই।

হানিফ পরিবহনের সুপারভাইজার ও যাত্রীরা জানান, বুধবার রাতে ঢাকার আব্দুল্লাহপুর থেকে নড়াইলে আসছিলেন ইকরাম হোসেন। দৌলতদিয়া ফেরিঘাটে এলে পরিবহনের সুপারভাইজারের কাছে তিনি জানতে চান এটা কোন জায়গা?

তবে কালনা ফেরিঘাটে এসে বাসের পেছনের সিটের যাত্রীরা বাইরে নামলেও ইকরাম নামেননি। এ সময় পরিবহনের লোকজন ও সুপারভাইজার বুঝতে পারেন যে তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে সুপারভাইজার ও যাত্রীরা

বাস নিয়ে সরাসরি নড়াইল সদর থানায় চলে আসেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, ‘ইকরাম তার পরিবারকে বাড়িতে আসার পূর্বেই জানিয়েছিলেন তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। বুধবার রাতে বাড়ি ফেরার পথে বাসেই তার মৃত্যু হয়।’

নিহততের চাচাতো ভাই কবির হোসেন জানান, সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে ইকরাম হোসেনের বাড়ি। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

বার্তা বাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর