গুজবে কান না দিয়ে সত্যের পক্ষে থাকতে হবে: পুলিশ সুপার ইলতুৎমিশ

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎমিশ বলেন ‘গুজব একটা ভয়ংকর ব্যাধি। মিথ্যা গুজবে কান না দিয়ে সত্যের পক্ষে থাকতে হবে। আইনশৃংখলা রক্ষায় পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সম্পৃক্ততা অবশ্যম্ভাবী।’ তিঁনি হুশিয়ারী উচ্চারণ করে বলেন, কেউ আইন নিজে হাতে তুলে নিলে পুলিশে হাত গুটিয়ে বসে থাকবে না। আপনি যে কারনেই একজন মানুষকে আঘাত করেন সেটা সর্বক্ষেত্রেই অপরাধ। তাই আসুন আমরা সবাই নিজেদেরকে অপরাধমুক্ত রাখার চেষ্টা করি। সাতক্ষীরার কলারোয়ার বামনখালী ও সরসকাটি বাজারের পৃথক দু’টি স্থানে বুধবার সন্ধ্যায় আইন-শৃংখলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি উপরোক্ত কথা বলেন। সকলের সচেতন থাকার আহবান জানিয়ে জেলার শীর্ষ এই পুলিশ অফিসার আরো বলেন, ‘একটি কুচক্রি মহল এর আগেও অনেক গুজব ছড়িয়েছে। কিন্তু সেগুলো যে মিথ্যা সেটা সকলের কাছে প্রতীয়মান। সুতরাং গুজবে অতিউৎসাহিত না হয়ে এ সংক্রান্ত যেকোন বিষয় পুলিশকে জানান কিংবা ৯৯৯নং ফোন দিবেন।’ ছেলেধরা গুজব সম্পর্কে সচেতনতা মূলক প্রচারনার অংশ হিসেবে উক্ত সভায় কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন আল মাসুদ বাবু, জেলা পুলিশের কর্মকর্তা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর