ঢাকার সাভারে ডিবি (উত্তর) এবং সাভার মডেল থানা গুজবের বিরুদ্ধে জনসচেতনতা মূলক এক যৌথ প্রচারণা চালিয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় এবং সাভার মডেল কলেজে এই কর্মসূচী সম্পন্ন হয়।
সকালে সাভার বাজার বাসস্ট্যান্ডে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ মাইকিং করে সাধারণ জনগণের উদ্দেশ্যে ছেলেধরা গুজবের বিরুদ্ধে প্রচারণা চালান। এসময় তিনি জনগণকে গুজবে কান না দিয়ে এবিষয়ে সচেতন থাকার আহবান জানান।
এসময় ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার ও জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি বলেন, কিছু দুস্কৃতিকারী সরকারের উন্নয়ন কর্মকান্ডকে ব্যহত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতেই এই গুজব ছড়াচ্ছে। এজন্য গুজবে কান দিয়ে আইন নিজের হাতে নিয়ে কাউকে গণপিটুনি দিয়ে মেরে না ফেলতে সকলের প্রতি আহবান জানান।
এদিকে, আরেক অনুষ্ঠানে সাভার মডেল কলেজে শিক্ষার্থীদের ভিতরে সচেতনতা বাড়াতে সকল প্রকার গুজবের বিরুদ্ধে প্রচারনা করেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ।

বৃহস্পতিবার (২৫ জুলাই) শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখেন। এসময় তিনি বলেন, “আপনারা গুজবে কান দিয়ে নিজের হাতে আইন তুলে নিবেন না। যারা নিচ্ছে বা নিবে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী মামলা হবে এবং বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এটা মনে রাখতে হবে, গুজবে কান দিয়ে যাকে হত্যা করছেন সে আপনার-আমার আশপাশের কারো মা-বাবা, ভাই-বোন ও আত্বীয়স্বজন হতে পারে। এজন্য যেকোন সমস্যা বা গুজব বা অনেক লোকের জড় হয়ে কাউকে আঘাতে করতে দেখলে সরাসরি নিকটস্থ থানায় কিংবা ৯৯৯ এ ফোন দিয়ে জানাবেন।”
এসময় এএফএম সায়েদ শিক্ষার্থীদের মাদক পরিহার করে সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করার পরামর্শ দেন,
পিতা মাতা ও শিক্ষকদের সবসময় সম্মান করতে বলেন এবং কলেজ ফাঁকি দিয়ে বিভিন্ন মার্কেট ও শপিং মলগুলোতে অহেতুক ঘোরাফেরা করে মূল্যবান সময় নষ্ট না করারও আহবান জানান।
বার্তাবাজার/আরএইচ