আইনমন্ত্রীর ছেলে পরিচয়ে হুইপের মেয়েকে উত্ত্যক্ত, অতঃপর…

আইনমন্ত্রী আনিসুল হকের ছেলে পরিচয়ে জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা গিনির মেয়েকে উত্ত্যক্ত করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নোয়াগাঁও গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আটককৃত ওই যুবকের নাম আকতার হোসেন (২৩)।তিনি কুমিল্লার দেবিদ্বার উপজেলার ইষ্টগ্রামের আব্দুল সালামের ছেলে।

পুলিশ জানিয়েছে, আটক করা ওউ যুবকের বাবা আব্দুল সালাম পেশায় একজন মাছ ব্যবসায়ী। কিন্তু আকতার নিজেকে আইনমন্ত্রী আনিসুল হকের ছেলে পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। আনিসুল হক ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনের সংসদ সদস্য। আনিসুল হকের কোনো সন্তান নেই। আকতার আইনমন্ত্রীর ছেলে পরিচয় দিয়ে জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা গিনির মেয়েকে ফোনে উত্ত্যক্ত করতেন। বিষয়টি মন্ত্রীকে জানানো হয়।

এছাড়াও আকতার কসবা উপজেলার এক যুবককে আদালতে পেশকার পদে চাকরি দেয়ার নাম করে তার কাছ থেকে পাঁচ লাখ টাকা আত্মসাৎ করেন। এসব ঘটনায় আইনমন্ত্রীর সাবেক এপিএস ও বর্তমান কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউছার বাদী হয়ে বুধবার আকতারের বিরুদ্ধে থানায় মামলা করেন।

ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) আবদুল করিম জানান, সকালে আকতারের নানাবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। হুইপের মেয়েকে উত্ত্যক্ত করার বিষয়ে সত্যতা পাওয়া গেছে। মামলার তদন্দ চলছে।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর