পোড়া মোবিল প্রক্রিয়াজাতকরণ কারখানায় অগ্নিকান্ডে আহত- ৩

রাজধানীর অদূরে সাভারে একটি পোড়া মবিল প্রক্রিয়াজাতকরন কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে সাভারের হেমায়েতপুরের সিরাজ মুন্সীর মালিকানাধীন নাসরিন অটোমবিল কারখানায় এই আগুন লাগার ঘটনা ঘটে।

অগ্নিকান্ডের খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও রাজধানীর কল্যানপুরের একটি ইউনিটসহ মোট ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এছাড়া রাজধানীর মিরপুরসহ আশপাশের স্টেশন থেকে আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে জানা গেছে।

কারখানায় আগুন নিভাতে গিয়ে ওই কারখানার বয়লার বিস্ফোরনে তিন দমকল কর্মী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। তবে কারখানায় কোন শ্রমিক আহত হয়েছে কিনা এব্যাপারে এখনো কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আনোয়ারুল জানান, একতলা বিশিষ্ট টিনশেডের ওই মবিল প্রক্রিয়াজাতকরন কারখানায় হঠাৎ আগুন দেখতে পায় স্থানীয়রা। পরে তারা ফায়ার সার্ভিসে খবর দিলে সাভার থেকে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে কল্যানপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট যোগ দেয়। তবে আগুনে ওই কারখানার বয়লার বিস্ফোরন হলে আগুনের তীব্রতা বেড়ে যায়, এতে করে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকল বাহিনীর সদস্যদের।

এদিকে আগুন নেভাতে কর্মরত দুই দমকল কর্মী আহত হন। পরে তাদের সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

প্রায় দুই ঘন্টা পর বিকেল ৪ টায় আগুন নিয়ন্ত্রনে এসেছে বলে জানা যায়।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর