মির্জাপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

টাঙ্গাইলের মির্জাপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন উপজেলা প্রশাসন। গতকাল বিকেলে উপজেলার ফতেপুর ইউনিয়নে বন্যায় নদীগর্ভে বিলীন হওয়া ৫৫টি পরিবারকে ও বন্যায় ক্ষতিগ্রস্থ প্রায় ২৫০ পরিবারের মাঝে সাড়ে ৭ টন ত্রাণের চাল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল মালেক।
সে সময় মির্জাপুর পৌর মেয়র সাহাদৎ হোসেন সুমন, উপজেলা ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, ফতেপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান, মির্জাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আশরাফুল ইসলাম, উপজেলা আনসার কর্মকর্তা রায়হান কবির, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, ত্রাণ বিতরণের পূর্বে বন্যার সার্বিক পরিস্থিতি বিষয় নিয়ে বেলা ৩টার সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রশাসনের কর্মকর্তা, পৌর মেয়র, উপজেলা ভাইস চেয়ারম্যান, বিআরডিবির চেয়ারম্যান, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, গণ্যমান্য ও স্থানীয় সাংবাদিকদের নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বন্যা কবলিত মানুষের জন্য পর্যাপ্ত পরিমাণ ত্রাণ রয়েছে বলেও সূত্র জানায়।

তবে মির্জাপুরে বন্যা পরিস্থিতি অবনতি না হওয়ায় কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম এখন পর্যন্ত ব্যাহত হয়নি বলে জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। তবে উপজেলার কয়েকটি ইউনিয়নে নদীপাড়ের বেশকিছু ঘর-বাড়ি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান নদী ভাঙ্গনের কবলে পড়েছে বলে উপস্থিত জনপ্রতিনিধিরা জানান।
বন্যায় যেকোনো ধরণের দুর্যোগ মোকাবিলায় ও বন্যা দুর্গতদের যেকোনো ধরণের সহায়তার জন্য উপজেলা প্রশাসন প্রস্তুত বলে সাংবাদিকদের জানানো হয়েছে।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর