সিরাজগঞ্জের তাড়াশে জমি নিয়ে বিরোধের জেরে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির নেতৃত্বে মনিরুজ্জামান মনি নামের এক ইউপি সদস্যকে কুপিয়ে জখম করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় মনিকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার নাদোসৈয়দপুর বাজারে এ ঘটনা ঘটে।
আহত মনিরুজ্জামান মনি উপজেলার ৩ নং সগুনা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য ও কাটাবাড়ি গ্রামের নুর মাহমুদের ছেলে।
তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
সগুনা ইউপি চেয়ারম্যান তালুকদার আব্দুল্লাহেল বাকী জানান, সগুনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গনি মাস্টারের সাথে ইউপি সদস্য মনিরুজ্জামান মনির ৭ বিঘা খাস জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনায় সম্প্রতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গনি মাস্টার আদালতে ওই ইউপি সদস্যর বিরুদ্ধে একটি মামলাও করেন। বৃহস্পতিবার সকালে ওই মামলায় হাজিরা দেয়ার জন্য মনি সিরাজগঞ্জ আদালতে যাওয়ার উদ্দেশ্যে নাদ্যেসৈয়দপুর বাজারে পৌঁছলে গনি মাস্টারের নেতৃত্বে তার লোকজন মনির ওপর হামলা চালায়। পিটিয়ে ইউপি সদস্যের দুই পা ভেঙে দেয়। পরে তাকে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে রেখে চলে যায়।
খবর পেয়ে তাড়াশ থানার এসআই মাজেদুল ইসলাম ও ফরিদুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে ইউপি সদস্য মনিকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আসামিদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছেন।
বার্তাবাজার/এএস