ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে আসামি চাঁন মিয়া ওরফে চান্দুর (৫৫)। তিনি ঢাকার কেরানীগঞ্জে ডাবল মার্ডার মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।
বুধবার (২৪ জুলাই) রাতে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে এ রায় কার্যকর করা হয়।
চান মিয়া ওরফে চান্দু মাদারীপুরের শিবচর থানার ৮নং চর এলাকার মৃত অকিল শিকদারের ছেলে। ওই সময় চান্দু কেরানীগঞ্জ থানার রহমতপুর এলাকায় বসবাস করতেন।
মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য নিশ্চিত করে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোঃ শাহজাহান আহমেদ জানান, চান মিয়া কেরানীগঞ্জে আমির আব্দুল্লাহ হাসান ও সেন্টু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। মামলার সকল কার্যক্রম শেষ হওয়ায় বুধবার রাত ১০ টা ০১ মিনিটে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হয়েছে।
উল্লেখ্য, ২০০৪ সাল থেকে চান মিয়া ওরফে চান্দু এ কারাগারে বন্দি ছিলেন।
বার্তাবাজার/এএস