সেদিন ঘটনা ঘটেছিল দুটি। কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের ৩৭ মিনিটের সময় চিলির গ্যারি মেডেলের সঙ্গে ঝামেলা বেধেছিল লিওনেল মেসির। মেডেলকে প্ররোচিত করার দায়ে লাল কার্ড দেখানো হয়েছিল মেসিকে। এ ঘটনার সূত্রেই পরের ঘটনাটি।
খেলা শেষে পুরস্কার বিতরণীতে না যাওয়া মেসি বিস্ফোরক মন্তব্য করেন টুর্নামেন্ট আয়োজক কনমেবলকে নিয়ে। দক্ষিণ আমেরিকার ফুটবল কর্তৃপক্ষ সংস্থাটি ‘দুর্নীতিগ্রস্ত’ এবং ‘ব্রাজিলকে চ্যাম্পিয়ন করানোর জন্যই সব আয়োজন’ বলে অভিযোগ করেন মেসি। গুরুতর এ অভিযোগের পর মেসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আওয়াজ ওঠে।
বুধবার কনমেবলের পক্ষ থেকে মেসির জন্য শাস্তির ঘোষণা এসেছে— এক ম্যাচ নিষিদ্ধ ও এক হাজার ৫০০ মার্কিন ডলার জরিমানা। এ ক্ষেত্রে কারণ হিসেবে চিলি ম্যাচের লাল কার্ডের কথা বলা হয়েছে। তবে কার্ড-পরবর্তী মেসির প্রতিক্রিয়াও শাস্তির অন্যতম কারণ কি-না, তা স্পষ্ট নয়।
মেসির সেদিনের মন্তব্যের পর কনমেবল এক বিবৃতিতে অভিযোগগুলোকে ‘টুর্নামেন্টের প্রতি সম্মানের অভাব’ বলে উল্লেখ করেছিল।
এক ম্যাচ নিষেধাজ্ঞার ফলে আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচ খেলতে পারবেন না মেসি। লাতিন অঞ্চলের বাছাই শুরু হওয়ার কথা আগামী বছরের মার্চে।
বার্তাবাজার/এসআর