ডিএনসি (ডিপার্টমেন্ট অফ নারকোটিক কন্ট্রোল) ঢাকা জেলা অভিযান চালিয়ে সাভারের বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য সহ ৬ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বুধবার (২৪ জুলাই) মাদকবিরোধী এই বিশেষ অভিযানটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমানের নেতৃত্বে পরিচালিত হয়।
ডিএনসি সূত্রে জানা যায়, বিশেষ অভিযান চলাকালে সাভারের আমিনবাজার এলাকা থেকে ২০০ পুরিয়া (২০ গ্রাম) হেরোইন ও মাদক বিক্রির ৬৯,০০০ টাকা সহ আসামী ফারজানাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে, গাঁজা ও ইয়াবা বিক্রি এবং সেবনরত অবস্থায় গ্রেপ্তার করা হয় নারী সহ তিন মাদক ব্যবসায়ী কে। তারা হলো-হাবিব (৬৫), মোঃ নুরুল ইসলাম(৬০) ও শাহেলা (৬০)।
সাভারের বক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোসাঃ কনা (২৫) এবং ইয়াবা সেবনরত অবস্থায় মোঃ শাহাবুল (৩০) কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
ডিএনসি ঢাকা বিভাগীয় অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান জানান, আসামী ফারজানা এবং মোসাঃ কনার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয়। তবে অপর আসামীদেরকে ঘটনাস্থলেই মোবাইল কোর্ট পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট অরবিন্দ বিশ্বাস বিভিন্ন মেয়াদে সাজা এবং জরিমানা প্রদান করেন।
বার্তাবাজার/এসআর