চট্টগ্রামের চাবি উঠছে সাকিব আল হাসানের হাতে। বিশ্বকাপে অলরাউন্ড নৈপুণ্যের সুবাদে সাকিবকে সম্মাননা জানাতে অনরম্বপূর্ণ এক অনুষ্ঠানের আয়োজন কছে চট্টগ্রাম জেলা ক্রীড়া পরিষদ। সেই সম্মাননা অনুষ্ঠানে চট্টগ্রামের সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাসির বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের হাতে চট্টগ্রাম নগরের স্মারক চাবি উপহার দেবেন।
এর আগে শুধুমাত্র দুই কিংবদন্তি এ চাবি পেয়েছেন। তারা হলেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও বর্তমানে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান ও সর্বকালের সেরা ক্রীড়াবিদ মোহাম্মদ আলী।
বিশ্বকাপে প্রত্যাশার চেয়েও ভালো খেলেছেন সাকিব আল হাসান। ব্যাটে-বলে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। দল হিসেবে বাংলাদেশ প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারলেও ব্যক্তিগতভাবে উজ্জ্বল সাকিব। ব্যাট হাতে আট ম্যাচে ৬০৬ রান করার পাশাপাশি বল হাতে শিকার করেন ১১ উইকেট।
নান্দনিক এ পারফরম্যান্সের সুবাদে চট্টগ্রাম সিটি কর্পোরেশন বিরল সম্মান দিচ্ছে সাকিব আল হাসানকে। মঙ্গলবার রাতে টেলিফোনে সংক্ষিপ্ত সাক্ষাৎকারে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির বলেন, বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সের জন্য সাকিব আল হাসানকে সম্মান জানানো হবে।
তার সম্মানে আগামী ৩০ জুলাই চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) একটি অনুষ্ঠানের আয়োজন করছে। যেখানে বিশ্বসেরা অলরাউন্ডারের হাতে তুলে দেয়া হবে চট্টগ্রাম নগরীর চাবি।আগামী মঙ্গলবার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে বিকাল ৪টায় সংবর্ধনা অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে।
অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন ক্রিকেট একাডেমির শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন। ভবিষ্যৎ প্রজন্মকে উৎসাহিত করতে এই উদ্যোগ। বিশ্বকাপ শেষে ছুটির আমেজে আছেন সাকিব আল হাসান। ইউরোপ ও যুক্তরাষ্ট্রে ছুটি কাটিয়ে আগামী ২৭ জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে।
বার্তা বাজার/কেএ