অবশেষে পাঁচ দিন পর পাওয়া গেলো সাভারের হেমায়েতপুরে ‘ছেলেধরা’ সন্দেহে গণপিটুনিতে নিহত হওয়া অজ্ঞাতনামা সেই নারীর পরিচয়। বুধবার (২৪ জুলাই) বিকালে মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক ও ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ এমারৎ হোসেন গণপিটুনিতে নিহত হওয়া ওই নারীর নাম সালমা বেগম (৪০) বলে নিশ্চিত করেছেন।
গণমাধ্যমকে মোঃ এমারৎ হোসেন জানান, নিহত সালমা আক্তার সাভারের পৌর এলাকা ইমান্দিপুরের প্রবাসী মিজানুর রহমানের স্ত্রী। তিনি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার মুসলিমাবাদ গ্রামের বিল্লাল ব্যাপারীর মেয়ে। নিহতের তিন কন্যা সন্তান রয়েছে যাদের মধ্যে একজন এসএসসি পরিক্ষার্থী।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে তার পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন।
এ ঘটনায় (২১ জুলাই) সাভার মডেল থানায় অজ্ঞাতনামা ৮০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
প্রসঙ্গত, গত রবিবার (২০ জুলাই) সকালে সাভারের হেমায়েতপুরের তেঁতুলঝোড়া কলেজের সামনে ‘ছেলেধরা’ সন্দেহে উৎসুক জনতার হাতে গণপিটুনির শিকার হন সালমা বেগম নামের ওই নারী। পরে গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন সন্ধ্যায়ই তার মৃত্যু হয়।
বার্তাবাজার/আরএইচ