রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়েছে সাঈদীকে

মহান মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়েছে।
বৃহস্পতিবার রাজশাহীর আদালতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলায় তার হাজিরা রয়েছে।

জামায়াতের নায়েবে আমীর দেলাওয়ার হোসেন সাঈদীকে কঠোর গোপনীয়তার সঙ্গে গত সপ্তাহেই রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়।এরপর বিষয়টি গোপন রাখা হয়। তবে বৃহস্পতিবারের হাজিরা উপলক্ষে আগের দিন বুধবার থেকেই আদালতে নিরাপত্তা জোরদার করা হলে বিষয়টি প্রকাশ পায়।

জানতে চাইলে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুনও এ বিষয়ে তেমন কিছু জানাতে চাননি। তবে তিনি জানিয়েছেন,গত সপ্তাহে সাঈদীকে রাজশাহীতে আনা হয়েছে।

কোন থানার কী মামলা সেটাও জানাতে চাননি কারাগারের এই কর্মকর্তা। তবে কারাগারেরই একটি সূত্র জানিয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলার আসামি দেলাওয়ার হোসেন সাঈদী।

২০১০ সালের ৯ ফেব্রুয়ারি ইসলামী ছাত্রশিবির ক্যাডাররা ছাত্রলীগ কর্মী ফারুককে নির্মমভাবে খুন করে ম্যানহোলে ফেলে রাখে।এ মামলার আসামি জামায়াতের শীর্ষ নেতারাও।এ মামলাতেই রাজশাহীর আদালতে দেলাওয়ার হোসেন সাঈদীর হাজিরা রয়েছে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর