কাউকে গণপিটুনি না দেয়ার জন্য মানিকগঞ্জ পুলিশের মাইকিং

মানিকগঞ্জে ছেলে ধরা আতঙ্ক নিয়ে অভিভাবকদের মধ্যে শঙ্কা কাটাতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জেলার প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে মাইকিং করা হচ্ছে। স্থানীয় ক্যাবল, স্থানীয় পত্রিকা ও জেলা পুলিশের ফেইসবুক পেইজ থেকেও ছেলেধরা সন্দেহে আতঙ্কিত না হওয়ার জন্য প্রচারনা চালানো হচ্ছে।

বুধবার দুপুরে মানিকগঞ্জ সরকারী হাইস্কুল মাঠে শিক্ষার্থীদের উদ্যেশে মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামিম পিপিএম বলেন গুজবে কান না দেয়ার জন্য সবাইকে অনুরোধ করা হলো। আপনার আইন নিজের হাতে তুলে নিবেন না। দেশকে অস্থিতিশীল করার জন্য একটি চক্র এ ধরনের গুজব ছড়াচ্ছে।

তিনি আরো বলেন, বিভিন্ন স্থানে গণপিটুনির ঘটনা ঘটেই চলেছে। এই অমানবিক কাজ থেকে বিরত থাকতে হবে। সবাইকে শান্ত থাকার জন্য প্রতিটি উপজেলায় পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। বিভিন্ন মসজিদেও চালানো হচ্ছে প্রচার। বর্তমান সময়ে ছেলেধরা সন্দেহে কিংবা গলাকাটা সন্দেহে গণপিটুনি দিয়ে নিরীহ লোকজনদের মারা হচ্ছে যা অনাকাংখিত। সন্দেহবশত কাউকে পিটিয়ে মারা যাবে না। সন্দেহজনক ব্যক্তিকে নিকটস্থ থানা বা পুলিশ বা আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দিন।

গুজবে কেউ কান দিবেন না। ছেলেধরা সন্দেহে গণপিটুনি দেয়া একটি ফৌজদারি অপরাধ। আইন নিজের হতে তুলে নিবেন না। গণপিটুনির ঘটনায় যারা জড়িত তদন্ত করে তাদের আইনের আওতায় আনা হবে। দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা রাষ্ট্রবিরোধী কাজের শামিল। সুতরাং কেউ অপরাধ করে পার পাবে না।

এর আগে পুলিশ সুপার তার কার্য্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) হোসেন মোহাম্মদ রায়হান, ডিএসবির সিনিয়র সহকারী পুলিশ সুপার হামিদুর রহমান সিদ্দিকী, প্রেসক্লাব সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারন সম্পাদক বিপ্লব চক্রবর্ত্তীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর